উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি
ফাইল ছবি

দেশের কোথাও কোথাও আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে একই প্রবণতা দেখা যেতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আর দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৮৬, সীতাকুণ্ডে ৪৪, রংপুর ও রাজারহাটে ৪০, নেত্রকোনায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বাড়তি অংশ বিহারের দক্ষিণ অংশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।