
কুড়িগ্রাম, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও জামালপুর ও মৌলভীবাজারে অবনতি ঘটেছে। মধ্যাঞ্চলের ফরিদপুরের নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং পানিবাহিত রোগের কারণে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংশ্লিষ্ট এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুরে গতকাল শুক্রবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগসহ নানামুখী সংকটে দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরিষাবাড়ীতেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর সড়ক বাঁধ হুমকির মুখে পড়েছে।
মৌলভীবাজারের হাওরাঞ্চলে পানি বাড়ায় এ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত কয়েক দিনে একটু একটু করে পানি কমলেও গত বৃহস্পতিবার আবার বাড়তে শুরু করেছে। এতে বন্যাকবলিত এলাকার যেসব স্থান থেকে পানি নেমে গিয়েছিল, সেসব স্থান আবার প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জে গতকাল দুপুরের পর যমুনার পানি আবার বাড়তে শুরু করে। বিকেলে তা বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানির তোড়ে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাহুকায় পাউবোর নির্মাণাধীন বিকল্প বাঁধের ভেঙে যাওয়া ২০ মিটার অংশ মেরামত করা যায়নি। বিকেলে পাইলিং উঠে আবার ওই অংশ ভেঙে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় সিরাজগঞ্জ পাউবো বাঁধটি মেরামতের চেষ্টা অব্যাহত রেখেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল এক বিবৃতিতে বলেন, বাঁধের ভাঙা অংশ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার এবং বাঁধের অভ্যন্তরের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সেনানিবাসের ১১ আরই (রিভার প্রকৌশল) পদাতিক ডিভিশনের লে. কর্নেল সোহেল বলেন, ‘সম্মিলিতভাবে আমরা ভেঙে যাওয়া অংশটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাঙা অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করি, দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল পর্যন্ত ব্রহ্মপুত্র অববাহিকার অন্তত আটটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব এবং ত্রাণের অপ্রতুলতার কারণে দুর্গত লোকজন চরম সংকটে পড়েছেন। রাজীবপুর উপজেলার বটতলায় পাকা সড়কের ১৫ ফুট ধসে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর বলেন, সড়কের ভাঙা অংশে মাটি ফেলার কাজ শুরু হয়েছে।
গাইবান্ধায় গতকাল কোনো নদ-নদীর পানি না বাড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত সদর উপজেলার কামারজানি ইউনিয়নের প্রায় ৩০০ ঘরবাড়ি, ৫০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বগুড়ায়ও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুই-এক দিনের মধ্যে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পাউবো। তবে গতকাল পর্যন্ত সরকারি হিসাবে নতুন করে আরও এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। সদরপুর উপজেলার চারটি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের বসতভিটা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি সকাল ৬টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফরিদপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পদ্মার পানি গড়ে ১২ থেকে ১৫ সেন্টিমিটার হারে বাড়ছে। এদিকে সদরপুরের চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙন বেড়েছে। চরনাসিরপুর ইউনিয়নে কয়েক শ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সিলেটে গতকাল বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয় সূত্র বলেছে, বিয়ানীবাজার, ওসমানীনগর, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ফেঞ্চুগঞ্জের ইউএনও হুরে জান্নাত বলেন, কুশিয়ারার পানি বিপৎসীমার ১ দশমিক ৩১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।