উত্তরে বন্যা পরিস্থিতির অবনতি

অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নওগাঁর রানীনগরে আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বগুড়ার ধুনটে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এদিকে সিরাজগঞ্জে সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ধরলা নদীতে ৪, ব্রহ্মপুত্রে ১০ ও দুধকুমারে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। এই সময়ে আরও ২৫টি চর-গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৭০ হাজার মানুষ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ১৫ হাজার হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, চিলমারী উপজেলার বাসন্তীগ্রাম, উলিপুরের ক্ষধিরকুঠি, সদর উপজেলার গোগাদহঘাট, পাঁচগাছি এবং যাত্রাপুরের চরপার্বতীপুর গ্রাম এলাকা নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে শতাধিক পরিবারের বসতভিটা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে।
সিরাজগঞ্জ: গত তিন দিনে প্রায় দেড় মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থা। পাউবো ও কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্র জানায়, একদিকে যমুনা নদীর পানি বাড়ছে, অন্যদিকে নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। চৌহালী উপজেলার বোয়ালকান্দি থেকে জোতপাড়া বাজার সীমানা এবং শাকপাল থেকে পাথরাইল পর্যন্ত ব্যাপক ভাঙন চলছে। গত তিন দিনে এলাকার শতাধিক বাড়িঘর, ৫০০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। চৌদ্দরশি গ্রাম এলাকায় চৌহালী মহিলা ফাজিল মাদ্রাসা হুমকির মুখে।
এ ছাড়াও কাজিপুর উপজেলার মনসুরনগর, তেকানী, চরগিরিশ ও চরাঞ্চলে আবাদি জমি ভেঙে যাচ্ছে। অন্যদিকে, নতুন করে আবাদ করা রোপা আমন ও শাকসবজির খেত তলিয়ে গেছে। জেলার কাজিপুর, উল্লাপাড়া, চৌহালী উপজেলার রোপণ করা প্রায় ৯৫০ হেক্টর জমি আবার পানিতে তলিয়ে গেছে।সিরাজগঞ্জ পাউবো সূত্র জানায়, আগের চেয়ে চার গুণ বেশি পানি বেড়েছে।
ধুনট (বগুড়া): ধুনটের তিনটি নদীর পানি বেড়ে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, উপজেলার যমুনা, বাঙ্গালী ও ইছামতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সারিয়াকান্দির ভাঙা বাঁধ দিয়ে পানি ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ১২টি গ্রামসহ অন্যান্য এলাকায় ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আদমদীঘি (বগুড়া): গতকাল সকালে নওগাঁর আত্রাই নদীর পূর্ব তীরের রানীনগর উপজেলার মালঞ্চী গ্রামের কাছে বেড়িবাঁধের তিনটি স্থানে ১৫০ ফুট ভেঙে গেছে। ওই উপজেলার মালঞ্চী, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর ও ঘোষগ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এলাকার প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় তিন শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। সেই সঙ্গে আমন ধান ও সবজিসহ প্রায় এক হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
এদিকে ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গতকাল সকাল থেকে নওগাঁ শহরের ফ্লাড ওয়ালের আউটলেট দিয়ে শহরে পানি ঢুকতে শুরু করেছে। পাউবোর নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, নওগাঁয় ছোট যমুনার পানি লিটন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে, আত্রাই নদীর পানি মান্দা ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার ও আত্রাই রেলস্টেশন পয়েন্টে ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।