উত্তরের মানুষ ত্রাণ চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট। ঘরেও হাঁটুপানি। ভোগান্তির শেষ নেই পানিবন্দী মানুষের। কুড়িগ্রাম সদরের চরযাত্রাপুর গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট। ঘরেও হাঁটুপানি। ভোগান্তির শেষ নেই পানিবন্দী মানুষের। কুড়িগ্রাম সদরের চরযাত্রাপুর গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ প্রায় ১০ দিন ধরে পানিবন্দী রয়েছে। পানিতে তলিয়ে আছে বসতবাড়ি-ভিটেমাটি, জমির ফসল ও সবজিখেত। খাবার, পানি, ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর অভাবে দিন কাটছে দুর্গত মানুষের। ত্রাণের জন্য চলছে হাহাকার। কুড়িগ্রামের হাতিয়া ইউনিয়নে ত্রাণের দাবিতে এ রকমই কিছু অভুক্ত মানুষ গতকাল ইউপি কার্যালয় ঘেরাও করে।
এদিকে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের মানুষের পাশাপাশি বন্যার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মুন্সিগঞ্জসহ আরও কয়েকটি জেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ। প্রতিদিনই এই অঞ্চলেও নতুন নতুন এলাকা হচ্ছে প্লাবিত। উত্তরের মতোই এখানেও ঘটছে বন্যার অবনতি।
সুনামগঞ্জের প্রায় সব উপজেলা কমবেশি বন্যাকবলিত। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। সুনামগঞ্জ শহরের পাশে ষোলঘর এলাকায় সুরমার পানি বিপদৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জরুরি বৈঠক করে ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। জেলার সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধরমপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির আমন গেছে তলিয়ে। রোববার রাত থেকে সুরমার পানি তীর উপচে পড়ে জেলা শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, মধ্যবাজার, আরপিননগর, তেঘরিয়া, বড়পাড়া, জলিলপুর এলাকায় প্রবেশ করে। সবাইকে সতর্ক থাকতে জেলা প্রশাসন শহরে মাইকিং করেছে।
এদিকে ধরমপাশা উপজেলায় গতকাল আকস্মিক বন্যা শুরু হলে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তিন হাজারের বেশি মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আশ্রয় নিয়েছে। এ উপজেলার ২৮০ হেক্টর জমির বীজতলা এবং ৩৬০ হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে।
বন্যায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা দুটির পাঁচটি পাথর কোয়ারিতে পানি উঠে পড়ায় প্রায় এক লাখ পাথর-শ্রমিক বেকার সময় কাটাচ্ছেন। কোম্পানীগঞ্জের ইছাকলস, তেলিখাল, পূর্ব ইসলামপুর, দক্ষিণ রণিখাই গ্রামসহ অন্তত ১৫টি গ্রামে বন্যার অবনতি হয়েছে। উপজেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী অন্তত ১২টি রাস্তা তলিয়ে গেছে।
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ফসলি জমি, মাছ চাষের পুকুর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। বেড়েছে জনদুর্ভোগ। দুর্গাপুরে সাতটি ইউনিয়নের অর্ধশত গ্রাম হয়েছে প্লাবিত। এ উপজেলার প্রায় দুই হাজার হেক্টর রোপা আমন আছে তলিয়ে।
পদ্মার পানি বেড়ে মুন্সিগঞ্জে গতকাল নদীতীরবর্তী সদরের বাংলাবাজার, আধারা, শিলই ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামেও নদ-নদীর পানি বাড়ছে। জেলার ৫৩টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। গত দুই দিনে নদীভাঙনে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার এক কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও দেড় শর মতো বাড়িঘর। ভাঙনে পড়ে পাড়ামৌলা ও মন্দির মৌজা দুটি মানচিত্র থেকে হারাতে বসেছে।
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, তাঁর ইউনিয়নে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। কিন্তু ত্রাণ পেয়েছেন মাত্র তিন মেট্রিক টন চাল। ত্রাণের দাবিতে শতাধিক মানুষ গতকাল ইউপি কার্যালয়ে তাঁকে ঘেরাও করে রাখে। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর জানান, তাঁর ইউনিয়নে চার হাজার পরিবার বন্যাকবলিত। তাদের জন্য বরাদ্দ পাওয়া গেছে সাত মেট্রিক টন চাল, যা মাত্র সাত শ পরিবারকে দেওয়া গেছে। বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, তাঁর এলাকায় দুই হাজার পরিবার বন্যায় আক্রান্ত। কিন্তু চাল পাওয়া গেছে মাত্র তিন মেট্রিক টন।
নীলফামারীতে বেড়েছে তিস্তার পানি। ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী। ডিমলার টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সাত শ পরিবার। কিন্তু সহায়তা দেওয়া গেছে মাত্র এক শ পরিবারকে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ২৩ হাজার ৯৪০ পরিবার পানিবন্দী হয়ে আছে। পানির চাপে শহররক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে পড়েছে। শুধু পাঁচটি স্থানে এসব বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ করছে পাউবো।
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি সামান্য কমলেও অভ্যন্তরীণ নদ-নদী করতোয়া, হুরাসাগর, গুমানী ও বড়ালের পানি বেড়েছে। সিরাজগঞ্জ সদর, চৌহালী, কাজিপুর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। জেলার সাতটি উপজেলার ৮২টি ইউনিয়নের মধ্যে ৪৫টি ইউনিয়নই কমবেশি এখন বন্যাকবলিত। এদিকে গত রোববার সন্ধ্যায় চৌহালীর মুরাদপুর চরে কৃষক আবদুস ছালাম ফকিরের শিশুপুত্র নাহিদ বন্যার পানিতে ডুবে মারা গেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে ৪৩টি গ্রামের ১০ হাজার মানুষ এখনো পানিবন্দী। সাত দিন ধরে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। হাটবাড়ি গ্রামের জমিলা বেওয়া (৬০) বলেন, ‘আমাগো ঘরের মধ্যে পানি উঠলেও কেউ কিছু দেয় নাই।’
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ১২টি গ্রামের তিন হাজার পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় না পেয়ে পানির মধ্যেই বসতবাড়িতে কাটাচ্ছে। নলকূপ তলিয়ে যাওয়ায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।
ফরিদপুরে বন্যায় গতকাল নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী লিয়াকত হোসেন জানান, গত দুই সপ্তাহে এ উপজেলার অন্তত ৩৩২টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ অফিস ও সিলেট, নেত্রকোনা, মুন্সিগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, ধরমপাশা (সুনামগঞ্জ), ধুনট (বগুড়া), গোয়ালন্দ (রাজবাড়ী), রায়গঞ্জ (সিরাজগঞ্জ), সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]