উধাও সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট ভেঙে রাস্তায়। নেই স্টিলের বেষ্টনী। ব্যানার–ফেস্টুনে ছেয়ে আছে চত্বর l ছবি: প্রথম আলো
ইট ভেঙে রাস্তায়। নেই স্টিলের বেষ্টনী। ব্যানার–ফেস্টুনে ছেয়ে আছে চত্বর l ছবি: প্রথম আলো

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর। চত্বরের ইট ভেঙে রাস্তায় গিয়ে পড়ছে। চুরি হচ্ছে স্টিলের বেষ্টনী। পানির ফোয়ারাটিও সচল নয়। যত্ন নেই চত্বরের মধ্যে লাগানো গাছগুলোর। এর ফলে সৌন্দর্য বাড়ানোর জন্য নির্মাণ করা চত্বরটি এখন উল্টো সৌন্দর্যহানি ঘটাচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের শেষ অংশে একটি চৌরাস্তা রয়েছে। সিলেটে আগত লোকজনের অনেকেই এ মোড়ে নেমে যান। পর্যটকদের কাছে এ মোড়টি নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত করতে চৌরাস্তার ঠিক মাঝে সিলেট জেলা পরিষদ ২০০৬ সালে হুমায়ুন রশীদ চত্বর নির্মাণ করে।
এই চত্বরে পানির ফোয়ারা স্থাপনের পাশাপাশি সৌন্দর্যবর্ধনকারী গাছ, স্টিলের বেষ্টনী লাগানো হয়েছিল। লাগানো হয়েছিল সড়কবাতি। নির্মাণ শেষে চত্বরটি দেখভালের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কিন্তু গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, চত্বরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা নজরদারি নেই। চত্বরের ভেতরে রয়েছে মানুষের মলমূত্র। চত্বরের বৈদ্যুতিক খুঁটি আর ইটের স্তম্ভ পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢাকা।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে আড্ডা জমিয়েছে কয়েকজন মাদকাসেবী। তারাই স্টিলের বেষ্টনী চুরি করে নিয়ে যাচ্ছে। চত্বর এলাকার ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, চত্বরটি নির্মাণের পর বছর খানেক ফোয়ারাটি সচল ছিল। পরে এটি নষ্ট হয়ে যায়। যত্নের অভাবে প্রায় অর্ধেক সৌন্দর্যবর্ধক গাছ মরে গেছে। অনেক আগাছা জন্মেছে সেখানে। ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছেয়ে যাওয়ায় এখন আর কোনোই সৌন্দর্য নেই চত্বরটির।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় চত্বরটিকে আরও দৃষ্টিনন্দন ও সুন্দর করে তুলতে ইতিমধ্যে চারজন প্রকৌশলীর সমন্বয়ে একটি দল গঠন করে দেওয়া হয়েছে। তাদের বাছাই করা নকশায় হুমায়ুন রশীদ চত্বরে নতুন করে স্থাপনা নির্মাণ করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, আধুনিক নকশায় সম্পূর্ণ নতুন করে এ চত্বরের নির্মাণকাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই।