উন্নয়নের উপদ্রব ভূতের গলিতে

রাজধানীর ভূতের গলিতে ভূতপ্রেতের উপদ্রব নেই। তবে রাস্তা খননজনিত উন্নয়নমূলক কর্মতৎপরতাকেই এলাকাবাসী উপদ্রব বলে বোধ করছেন। হাতিরপুল মোড় থেকে ভূতের গলিতে ঢুকতেই চোখে পড়বে রাস্তা খানাখন্দে ভরা। গত বছর ডিসেম্বরের দিকে সড়কটি খোঁড়া হয়েছিল। পরে ভরাট করা হয়েছিল বালু দিয়ে। রোদ-বৃষ্টিতে সেই আলগা বালু সরে গিয়ে গর্তগুলো উন্মুক্ত হয়ে পড়েছে। চলাচলের দুর্ভোগ প্রচণ্ড। এর সঙ্গে আছে পানির কষ্ট।
পশ্চিমে গ্রিন রোড থেকে শুরু হয়ে পুবে হাতিরপুল মোড়ে গিয়ে নর্থ সার্কুলার রোড নামের যে সড়কটি শেষ হয়েছে, সেটি ‘ভূতের গলি’ নামেও পরিচিত। গতকাল রোববার বিকেলে ভূতের গলির ফারুক ফার্মার ওষুধ ব্যবসায়ী বললেন, ‘উন্নয়নের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছি। পানির সংকট সমাধানের জন্য ছয় মাসের বেশি আগে রাস্তা কেটেছে। পানির সংকটও কাটেনি। রাস্তাও মেরামতেরও নাম নেই।’ জানা গেল এডিবির অর্থায়নে নতুন পানি সরবরাহ লাইন তৈরির জন্য সড়ক খনন করা হয়েছিল। পাইপ বসানোর কাজ শেষ হলেও রাস্তা মেরামত করা হয়নি। বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তখন প্রায়ই গর্তে পড়ে রিকশা উল্টে যায়। তা ছাড়া রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় যানবাহনও চলছে ধীরে। সারাক্ষণ যানজট লেগেই আছে।
ওদিকে যে পানির জন্য সড়ক কাটা, সেই পানির সংকটেরই সমাধান হয়নি। ভূতের গলির নর্থ রোডের বাসিন্দা সাহিদা পারভীন জানালেন পানির সংকটে তাঁরা অতিষ্ঠ। সপ্তাহ খানেক আগে টানা দু-তিন দিন পর্যন্ত পানি থাকত না। এখন সারা দিন পানি থাকে না। সন্ধ্যার পর কিছুক্ষণের জন্য পানি আসছে।
নর্থ সার্কুলার রোড ওয়াসার জোন-৩-এর আওতায়। পাম্প একটি। লাইন দুটি। একটি নতুন, অন্যটি পুরোনো। পাম্পের তত্ত্বাবধায়ক উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ জানালেন, এই এলাকায় ওয়াসার পুরোনো লাইন বদলে এডিবির প্রকল্পে নতুন লাইন দেওয়া হচ্ছে। এখন নতুন লাইনে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি দেওয়া হচ্ছে। পুরোনো লাইনে দেওয়া হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত। পর্যায়ক্রমে পুরোনো লাইনগুলো বদলে ফেলা হবে। আরও সপ্তাহ খানেক সময় লাগবে। তখন সারা দিনই পানির সরবরাহ থাকবে। তবে এই এলাকায় প্রায়ই লোডশেডিং হচ্ছে। এ কারণেও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
ভূতের গলির মোড়েই মুসলিম সুইটস, এর ব্যবসায়ী কামাল হোসেন বললেন, প্রতিদিন পাঁচ-ছয়বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে লোডশেডিং প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পুরো গলি তখন অন্ধকার হয়ে পড়ে। তা ছাড়া সড়কবাতিও পর্যাপ্ত নেই।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে। এসব সমস্যা নিয়ে কাউন্সিলর হোসেন হায়দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এডিবির নতুন সংযোগ দেওয়ার কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে রাস্তার সংস্কার করা হবে। বিদ্যুতের সমস্যা সাম্প্রতিক। পরিবাগের দিকে ৩৩ কেভি হাজার লাইনে সমস্যা দেখা দিয়েছে। মেরামতের কাজ চলছে। চলতি সপ্তাহেই লোডশেডিং সমস্যার সমাধান হবে।’