উপকূল এলাকায় তীব্র ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। টানা বৃষ্টি ও জোয়ারের পানির কারণে দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছবিটি চট্টগ্রামের আনোয়ারার তৈলার দ্বীপ গ্রাম থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। টানা বৃষ্টি ও জোয়ারের পানির কারণে দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছবিটি চট্টগ্রামের আনোয়ারার তৈলার দ্বীপ গ্রাম থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের নদ-নদীগুলোতে গতকাল শনিবারও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হয়। এতে ভোলা, বরগুনা ও পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালীর নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের সময় ভাঙা বাঁধ দিয়ে এবং বাঁধ উপচে দিনে দুবার প্লাবিত হচ্ছে ওই সব জেলার শত শত গ্রাম।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: গত শুক্রবার ও গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুর, ইলিশা নাদরমিয়ার হাট, পাঙ্গাশিয়া, কাচিয়া মাঝের চর, শিবপুর, দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর, মেদুয়া, ভবানীপুর, সৈয়দপুর, হাজিপুর, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ৫০টি গ্রাম জোয়ারের সময় পাঁচ-ছয় হাত পানির নিচে তলিয়ে গেছে।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, গত তিন দিনের ভাঙনে তাঁর ইউনিয়নের ১৫০টি বাড়ি মেঘনায় বিলীন হয়ে গেছে।
মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁদের ইউনিয়নের সব রাস্তাঘাট জোয়ারে সময় ডুবে যাচ্ছে। এ সময় ইউনিয়নের অন্তত পাঁচ হাজার মানুষ টঙে উঠে বসে থাকে। জোয়ার নামলে নিচে নামে। ভেসে যাচ্ছে হাঁস-মুরগি, গবাদিপশু ও পুকুরের মাছ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত জোয়ারে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সৈয়দপুর ইউনিয়নের ৪৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের কাঁচাঘর ধসে পড়ছে। গৃহহীন অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। অনেক পরিবার রান্না করতে পারছে না।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নের মাঝের চর উচ্চ জোয়ারে প্লাবিত হচ্ছে। শুক্রবার বিকেলে চরের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে জান্নাত (৪) জোয়ারের পানিতে ডুবে মারা গেছে।
বরগুনা: প্রবল বর্ষণ ও নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার অন্তত ৬০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদের পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল দুপুরে সদর উপজেলার ফুলতলা, খাজুরতলা ও পোটকাখালী এলাকার সাতটি আবাসন প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, এসব আবাসনে বসতঘরে কোমরসমান পানি উঠে গেছে। আবাসনের বাসিন্দারা পাশের বাঁধে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে। শিউলী বেগম নামে ফুলতলা আবাসনের এক বাসিন্দা বলেন, ‘চাইর দিন ধইর্যা এই রহম দিনে ও রাইতে দুইবার ঘরে পানি ওডে। পোলাপান লইয়্যা রাইতে রাস্তার উপরে থাহি। ঘরে রানমু হেই ব্যবস্থাও নাই।’
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদরের বালিয়াতলী, ডালভাঙা; তালতলী উপজেলার খোট্টার চর, জয়ালভাঙা, চরপাড়া, গাবতলী, নলবুনিয়া, নিন্দ্রারচর, আশারচর, ছোট আমখোলা, নিশানবাড়িয়া, চরপাড়া গুচ্ছগ্রাম, ঘোপখালী, লোছা, আমতলী ফেরিঘাট, পুরান বাজার, আঙ্গুলকাটা, গুলিশাখালী ও হরিদ্রাবাড়িয়া, বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী ও ভোলানাথপুর এবং পাথরঘাটার পদ্মা, রূহিতা, তাফালবাড়িয়া, জিনতলাসহ প্রায় ৬০টি এলাকা জোয়ারের সময় প্লাবিত হচ্ছে।
জোয়ারের পানির চাপে জেলার তালতলী উপজেলার জয়ালবাঙা এলাকার ১০০ মিটার বাঁধ বিলীন হয়ে গেছে। এ ছাড়া সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া বেড়িবাঁধ, নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাট, নলটোনা। এ ছাড়া বরগুনা সদরের নলটোনা, পাথরঘাটা উপজেরার জিনতরা, কাঁকচিড়া এলাকার কয়েক কিলোমিটার বাঁধ হুমকির মুখে।
নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান বলেন, নলটোনা গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে রয়েছে। জোয়ারের পানি আরও বাড়লে যেকোনো মুহূর্তে তা ভেঙে যেতে পারে।
পটুয়াখালী: গতকাল দুপুরে নদ-নদী ও সাগরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে জেলার উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এদিকে জলোচ্ছ্বাসে কলাপাড়ার লালুয়ার বন্যানিয়ন্ত্রণ বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের জানান, লালুয়া ইউনিয়নের দুই কিলোমিটার বাঁধ আগেই ভেঙে গিয়েছিল। গতকাল জোয়ারের সময় মুন্সিপাড়া পয়েন্টে ৩০০ মিটার বাঁধ ভেঙে গেছে।
গতকাল বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত জোয়ারের পানিতে পটুয়াখালী শহরের নূতন বাজার, সদর রোড, সেন্টারপাড়া, চরপাড়া, পোস্ট অফিস রোড, লতিফ স্কুল রোড, হাসপাতাল এলাকা, জুবিলী স্কুল রোডসহ অনেক নিচু এলাকা প্লাবিত হয়। এ সময় মানুষজন ঘর থেকে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়ে।
এ ছাড়া পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী, দশমিনা, গলাচিপা, বাউফলের নিচু এলাকাও গতকাল জোয়ারের সময় প্লাবিত হয়।
নোয়াখালী: অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন বলেন, গতকাল দুপুরে হাতিয়ার নলচিরা ও চর কিং ইউনিয়নে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে ইউনিয়ন দুটির প্রায় পাঁচটি গ্রাম প্লাবিত হয়। তবে, কিছু সময় পর পানি আবার নেমে যায়। এ ছাড়া একই জোয়ারে উপজেলার হরনী ইউনিয়নের বায়ারচর ও চর বাশার এবং চানন্দি ইউনিয়নের কেরিংচরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে এই তিনটি চরের প্রায় ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
একই দিন অধিক উচ্চতার জোয়ারে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা, চর এলাহী ও মুছাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আশাফুর রহমান।
কক্সবাজার: ঘূর্ণিঝড় কোমেনে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ও সাবরাং ইউনিয়ন লন্ডভন্ড করে সরিয়ে গেলেও বন্যার পানি না কমায় পানিবন্দী মানুষের দুর্দশা কাটছে না। কোনো ধরনের ত্রাণ না পাওয়ারও অভিযোগ করেছেন বন্যাপীড়িত ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। সাগরে অস্বাভাবিক জোয়ার থাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন দুবার করে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে।
সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জানান, তাঁর ইউনিয়নের ৯৫ ভাগ এলাকা এখনো পানির নিচে। দ্রুত বেড়িবাঁধের ভাঙা অংশ সংস্কার না করলে কৃষকেরা ফসল ফলাতে পারবেন না এবং যাঁরা আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তাঁরাও ঘরে ফিরতে পারবেন না।
চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার উপকূলীয় জুঁইদন্ডী ইউনিয়নের নিম্নাঞ্চল গতকাল দুপুরে আবারও জোয়ারের পানিতে প্লাবিত হয়। ইউনিয়নের সাপমারা খালের মুখ, লামারবাজার, গোদার গোড়া, চান মিয়া মাঝিরবাড়ী ও বকসি মাঝির বাড়ী এলাকা দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলে অন্তত ৭০০ ঘরে দুপুরের রান্না হয়নি। একইভাবে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ, দক্ষিণ তৈলারদ্বীপ, পূর্ব বারখাইন, ফেরীঘাট ও সরকাহাট এলাকার বেড়িবাঁধ ভেসে প্লাবিত হয় ৫০০ ঘর। তা ছাড়া রায়পুর, বরুমচড়া ও হাইলধর ইউনিয়নের আরও ১০টি গ্রামে পানি ওঠায় দুর্ভোগে পড়ে এলাকাবাসী।