উপকূলে পৌঁছেছে মৌসুমি বায়ু
ঘূর্ণিঝড় মোরা এখন দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। এই বায়ু সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর মেঘমালা দেখা যাচ্ছে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের বিভিন্ন জায়গায় মৌসুমি বায়ুর প্রভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আর রাজশাহী ও রংপুরের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে গতকাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ১৮৫ মিলিমিটার। গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্র ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোলায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় মোরা দুর্বল হয়ে গেছে। এ কারণে আর ঝোড়ো হাওয়ার শঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা থাকে। এ কারণে সেখানকার মানুষকে সতর্ক থাকতে হবে।