উপকূলের দিকে ঘূর্ণিঝড় রোয়ানু
ধীর গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড় সামান্য উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কখন আঘাত হানবে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শুক্রবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম বন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে
অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা
হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা আবহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছর দু-এক আগে চট্টগ্রামের ওপর বয়ে যায় ঘূর্ণিঝড় মহাসেন। উপকূলে আঘাত হানার আগে প্রচুর বৃষ্টি হয়ে মহাসেন তার শক্তি হারিয়ে ফেলে। ঘূর্ণিঝড় রোয়ানুর পরিণতিও একই রকম হতে পারে বলে ধারণা আবহাওয়া বিশেষজ্ঞদের। অনেকটা উপকূল ঘেঁষে ১৫ কিলোমিটার বেগে এটি এগোচ্ছে। তবে রোয়ানুর গতিপ্রকৃতি এখনো বোঝা যাচ্ছে না বলে জানান এক আবহাওয়াবিদ।
আরও পড়ুন...
ঘূর্ণিঝড় রোয়ানু: সাতক্ষীরায় নিয়ন্ত্রণ কক্ষ