উপকূলের লাখো মানুষ পানিবন্দী

নিম্নচাপের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের তোড়ে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার ও বান্দরবান এই চার জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন উপজেলা। পানিতে ডুবে যাওয়ায় অনেক এলাকার বাসিন্দারা রোববার রাতে সাহ্রি খেতে পারেননি। কক্সবাজারের পেকুয়ায় জোয়ারের পানি ঢুকে অন্তত ১৫টি চিংড়িঘের ডুবে গেছে। এদিকে গতকাল সোমবার নোয়াখালীর হাতিয়ার নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিরা জানান, হাতিয়ায় গতকাল নিঝুম দ্বীপের কাছে মেঘনা নদী থেকে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হচ্ছেন জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের এনায়েত হোসেন (৩২) ও বুড়িরচর ইউনিয়নের কালিচর গ্রামের আবু তাহের (৪০)।
স্থানীয় সূত্র জানায়, নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসের কবলে পড়ে গত রোববার দুপুরে জাহাজমারা ইউনিয়নের কাদিরারঘাট এবং বুড়িরচর ইউনিয়নের কাছে দুটি ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ হয়। ওই দিনই ১৮ জন জেলে তীরে ফিরতে পারলেও এনায়েত হোসেন ও আবু তাহের নিখোঁজ ছিলেন।
এদিকে নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ার বয়ে গতকাল হাতিয়ার নিঝুম দ্বীপের পুরোটাই পানির নিচে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন। গতকাল দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, জোয়ারের পানিতে দ্বীপের প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। ইতিমধ্যে কয়েক শ পরিবার স্থানীয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। রমজানের সময় এই আকস্মিক প্লাবনে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া হাতিয়ার আরও চার ইউনিয়নের ১৫টি গ্রাম বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম বলেন, জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের পুরোটা, তমরুদ্দী, বুড়িরচর, চর ইশ্বর ও জাহাজমারা ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত রয়েছে।
জোয়ারের পানির ধাক্কায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দুটি অংশে বেড়িবাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে একাকার হয়ে গেছে ১৫টি চিংড়িঘের।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ভাঙা অংশ মেরামত না করলে রমজানে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
কাকপাড়ার বাসিন্দা ছৈয়দ হোছেন বলেন, ঘরবাড়ি প্লাবিত হওয়ায় রোববার রাতে তাঁরা ঠিকমতো সাহ্রি খেতে পারেননি।
স্থানীয় একটি চিংড়িঘেরের মালিক জাহাঙ্গীর আলম বলেন, জোয়ারের পানিতে পেকুয়ার ১৫টি চিংড়িঘেরের অন্তত ৮০ লাখ টাকার চিংড়ি পোনা ভেসে গেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব উল করিম বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ জরুরি ভিত্তিতে মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে তাগাদা দেওয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বৃষ্টি ও জোয়ারে উপজেলার সাবরাং ইউনিয়নের মগপাড়া, পানছড়িপাড়া, মণ্ডলপাড়া, লেজিরপাড়া, আছারবনিয়া, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়াসহ ১৩টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।
আছারবনিয়া গ্রামের বাসিন্দা আবদুল আজিজ বলেন, তাঁর বসতঘরে পানি ঢুকেছে। রোজার সময় হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড টেকনাফ অঞ্চলের উপপ্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা উদ্যোগ নেওয়া হবে।
লঘুচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বেড়ে গতকাল দুপুর ১টায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত ৫০০ কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আবুল বাশার শামসুদ্দিন আহমেদ বলেন, ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে রোববার রাত ৯টা থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
টানা বর্ষণ ও প্রবল বাতাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধনপুরের ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন খোকা জানান, পেয়াদাপাড়া এলাকার একমাত্র রাস্তাটি পাহাড়ি ঢলে ভেঙে গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খালের বাঁধটি আবারও ভেঙে ভাটিখাইন ইউনিয়নের পূর্ব ভাটিখাইন এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। মাত্র ১১দিন আগে বাঁধটি সাময়িক মেরামত করা হয়েছিল।
আবদুল আজিজ নামের এক ভুক্তভোগী বলেন, সোমবার বেলা ১১টার দিকে বেড়িবাঁধ ভেঙে তাঁর সেমিপাকা ঘরে পানি ঢুকে পড়ে। এতে ঘরের সব মালামাল ভিজে যায়। ভাটিখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাজন এখতিয়ার বলেন, বর্ষণ ও জোয়ারের পানিতে ঘরবাড়ির পাশাপাশি ৩০টি মৎস্য ও পোনা চাষের পুকুর ও মৌসুমি ফসল পানিতে তলিয়ে গেছে।
আনোয়ারায় ঝোড়ো বাতাসের বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে রোববার রাত থেকে পুরো উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত লাইন চালু করা যায়নি। পল্লী বিদ্যুতের আনোয়ারা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ঝোড়ো বাতাস কমলে মঙ্গলবার নাগাদ সংযোগ চালু করা যেতে পারে।
দুদিনের টানা বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌর এলাকা ও ১৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
পৌর এলাকার সৈয়দবাড়ির কৃষক নুর উদ্দিন বলেন, গুমাইবিলে তাঁর তিন কানি জমির ফসল পানির নিচে ডুবে আছে। পোমরার মৎস্য খামারী নজরুল ইসলাম বলেন, টানা বর্ষণে তাঁর মৎস্য প্রকল্পের ৯টি পুকুর ডুবে গেছে।
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লামা-আলীকদম সড়কের বিভিন্ন পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় আলীকদমের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত সোমবার থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জোয়ারে উপজেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খিনওয়ান নু প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশ ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।