
সিলেট নগরে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে প্রায় ৩০০ বছরের পুরোনো একটি বটগাছ। ভেঙে গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রায় কোটি টাকার কাচ। এর বাইরে বিভিন্ন বিপণিবিতানের সাইনবোর্ডও ছিটকে গিয়ে রাস্তায় পড়েছে। তবে শুক্রবার রাতের ওই ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিটি করপোরেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে কালবৈশাখী শুরু হয়। এ সময় নগরের মধুশহীদ এলাকায় হজরত মধুশহীদ (রহ.) মাজারের ভেতরে দাঁড়িয়ে থাকা বটগাছটি উপড়ে গিয়ে পাশের দুটি বাসার ওপর পড়েছে। এতে একটি বাসার ছাদ এবং অপর বাসাটির দেয়াল ও প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাসার মালিক সোহেল আবদুল্লাহ ও এলাকার বাসিন্দারা বলছেন, উপড়ে পড়া বটগাছটি প্রায় ৩০০ বছরের পুরোনো হবে।
গাছটি উপড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে পড়ায় শুক্রবার রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মধুশহীদ এলাকা। গতকাল শনিবার বিকেল চারটা পর্যন্ত ওই এলাকার অন্তত ১৫০টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় ছিল। গতকাল সকালের দিকে ঘটনাস্থলে আসেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় সিটি মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেন।
এদিকে ঝড় শুরু হওয়ার পর শহরতলির লাক্কাতুরা এলাকায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামের হসপিটালিটি বক্স, মিডিয়া বক্স এবং প্রেসিডেন্ট বক্সে সাঁটানো প্রায় কোটি টাকার কাচ ভেঙে গেছে বলে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জানিয়েছেন। ঝড়ে প্রথম আলো সিলেট আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ডসহ অর্ধশতাধিক বিপণিবিতান ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড ছিটকে গিয়ে রাস্তায় পড়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, মধুশহীদ এলাকার উপড়ে পড়া বটগাছটি অপসারণে ১০ জন শ্রমিক গতকাল সকাল থেকেই কাজ শুরু করেছেন। এ ছাড়া ওই এলাকার বাসিন্দাদের জন্য পানিও সরবরাহ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে গাছ পড়ার ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর বাইরে নগরের বেশ কিছু সাইনবোর্ড ছিটকে গেছে এবং স্টেডিয়ামের কাচ ভেঙে গেছে।