উষ্ণতম ছিল এবারের ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ-বিষয়ক সংস্থা নাসা জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারি মাস ছিল পৃথিবীর এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি। শুধু উষ্ণতমই নয়, এই বৃদ্ধির হারও অন্যান্য সময়কে ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক তাপমাত্রার এই ধরন থেকে বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই। এ বছর বাংলাদেশেও ফেব্রুয়ারি মাসটি ছিল দ্বিতীয় উষ্ণতম। ঠিক ১০ বছর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে দেশের মোট গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ২৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফেব্রুয়ারিতে দেশের গড় তাপমাত্রা ২১ দশমিক ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ফেব্রুয়ারির গড় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বছর ফেব্রুয়ারিতে তাপমাত্রা বেশি থাকার কারণ হিসেবে নাসা বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়াকে দায়ী করছে। এর সঙ্গে প্রশান্ত মহাসাগরে লা নিনো পরিস্থিতিকে দায়ী করছে। যুক্তরাষ্ট্রের এনসো প্রেডিকশন সেন্টার থেকে শুরু করে বেশির ভাগ আবহাওয়া-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গত বছর থেকে বিশ্বজুড়ে লা নিনো সক্রিয় থাকাকে চিহ্নিত করেছে। এ কারণে বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলে খরা পরিস্থিতি তৈরি হয়েছে।
সাধারণত বৃষ্টিপাত বেশি হলে তাপমাত্রা কম থাকে। গত ফেব্রুয়ারিতে দেশের বৃষ্টিপাতও স্বাভাবিকের চেয়ে ৩৭ দশমিক ৭ মিলিমিটার বেশি হয়েছে। এই বাড়তি বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রা গড়ের চেয়ে বেশি থাকাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, দুই যুগ ধরেই দেশে ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। এই মাসে বৃষ্টিপাতের হারও বাড়তির দিকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল মান্নান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কয়েক যুগ ধরেই ফেব্রুয়ারি, মার্চের তাপমাত্রা নিয়মিতভাবে বাড়ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, গাছপালা কমে যাওয়া ও জলাশয় ভরাট হওয়ার জন্য দেশের প্রকৃতির তাপ শোষণক্ষমতা কমে যাচ্ছে।
অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণের কারণে ভূমির উত্তাপ বাড়ছে। এ ছাড়া ঋতুচক্রের বদলের কারণে শীতকাল জানুয়ারির পরেই আর অনুভূত হচ্ছে না। ফলে ফেব্রুয়ারিতে সূর্যের তাপ বেশি থাকছে। এতে তাপ বাড়ছে।