
কাশবনের মাথা ছুঁয়ে উড়ে এল যে পাঁচটি পাখি, তাদের দুখানা পাখা ও লেজ ওই কাশফুলের মতোই সাদা। ওরা টুপটাপ নেমে পড়ল ডোবামতো জায়গাটায়। ভোরের আলো ফুটেছে সবে। পেটভরা খিদে ওদের।
ডোবাটার কিনারে পাশাপাশি দুটি ‘ছিটকা ফাঁদ’ পাতা, টোপ পুঁটি মাছ। বক শিকারের ফাঁদগুলোর ভেতরে এটি সেরা। পাঁচটি পাখির ভেতর তিনটি হলো অপ্রাপ্তবয়স্ক, বাচ্চা। ও রকম একটি বাচ্চা টোপের জ্যান্ত পুঁটি মাছ দেখে হামলে পড়ে চালাল বল্লম-ঠোঁট। পরমুহূর্তেই নাইলন সুতার ফাঁসিতে যেন ঝুলে গেল বাচ্চাটি, ‘কোয়াক’ করে ভয়ার্ত ডাক ছেড়ে ফাঁসিমুক্তির জন্য সে কী ডানা ঝাপটানি! ফাঁদের মালিক দৌড়ে এসে ডোবায় নেমে ধরল পাখিটার গলা চেপে, ফাঁসমুক্ত করে পাখিটিকে কায়দা করে ধরতে চাইছে যখন, তখন পাখিটি ঠোঁট দিয়ে বালকের ডান চোখে ঠোকর দিল। চিৎকার দিয়ে চোখ চেপে ধরে বসে পড়ল বালক, পাখিটি ফাঁক পেয়ে দিল উড়াল।
এরা বাসা করে বাঁশবন-শ্যাওড়া-হিজল-আম-তেঁতুল ইত্যাদি গাছে। জুতসই উঁচু কেয়াঝোপেও বাসা করে। কলোনি বাসা। একই গাছে বা পাশাপাশি গাছে অন্য জাতের পাখি—যেমন দাঁড়বক, খড়িবক, পানকৌড়ি, সাপপাখি ইত্যাদির বাসা থাকতে পারে। এই পাখিদের বাসার তলদেশের মাটিতে ডিম-ছানা পড়ে মাঝেমধ্যে, গাছ বেয়ে ডিম-ছানা খাওয়ার লোভে উঠে পড়ে গুইসাপ-গাছখাটাশ। দুষ্টু ছেলেপুলেরাও ওঠে। বাসায় বসে বাচ্চারা খাবার মুখে বাসায় ফেরা মা-বাবার মুখ থেকে আগেভাগে খাবার নেওয়ার জন্য ঠোকরাঠুকরি করে দুর্বলকে রক্তাক্ত জখম করে, অন্ধ করে। সরু শুকনো ডালপালার বাসা। ডিম পাড়ে তিন থেকে পাঁচটি। দুজনেই তা দেয় ডিমে। ফোটে ১৮-২১ দিনে। মূল খাদ্য এদের ছোট ও মাঝারি মাছ, ব্যাঙ, কাঁকড়া ও ঘাসফড়িং।
প্রজনন মৌসুমে এদের যৌবন-রূপ দুটোই খোলে। ঘাড়-গলা-বুক হয়ে যায় বাদামি-হলুদাভ, মাথার তালু ঘন বাদামি। ঘাড়ে সাদা সুতো-পালক গজায়। পিঠ হয় চকচকে মেরুনরঙা। চিবুক-গলা ফ্যাকাশে সাদা। বুক ছাই-বাদামি। লেজ-ডানা কাশফুল-সাদা। এমনিতে মাথা-ঘাড়-গলা থাকে ঘনবাদামি, তাতে থাকে খাড়া খাড়া হলুদাভ-বাফরঙা টান, পিঠ ছাই-বাদামি। চিবুক-গলা সাদা। বুক সাদা। তাতেও খাড়া খাড়া টান। লেজ সাদা।
অতিপরিচিত এই পাখিটির নাম কানিবক। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ বা ‘ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গাঁ/ ওইখানেতে বাস করে কানাবগীর ছা’ সম্ভবত এদের নিয়েই লেখা। এটি কুঁচিবক, কানাবক, কাঁশবক, কচুরিবক নামেও পরিচিত।
ওড়ার সময় ফকফকা সাদা পাখি, বসলেই খুঁজে পাওয়া কষ্ট। ইংরেজি নাম Indian Pond Heron। বৈজ্ঞানিক নাম Ardeola grayii। দৈর্ঘ্য ৪৫ সেন্টিমিটার। ওজন ২১৫ গ্রাম।