এ মাসে তিন-চারটি কালবৈশাখী হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ঝোড়ো হাওয়ার চেয়ে শক্তিশালী তিনটি কালবৈশাখী আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
বৈশাখ না এলেও গত মাসে দুটি কালবৈশাখী আঘাত হেনেছিল।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, এ বছর বাতাসের গতিবেগের পরিবর্তনের কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা গত শীতেও দেখা গেছে। সাধারণত এপ্রিল থেকে দাবদাহ দেখা যায়। এবার মার্চেই তার লক্ষণ দেখা গেছে। ফলে এ বছর অপেক্ষাকৃত শুষ্ক থাকতে পারে।
চলতি মাসে শুধু কালবৈশাখীর পূর্বাভাস দেননি আবহাওয়াবিদেরা, দাবদাহ বয়ে যাওয়ার শঙ্কাও জানিয়েছেন তাঁরা। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ওই এলাকাগুলোর তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও সৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর থেকে দেওয়া আজ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও বেশি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে।
আজ রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশের তাপমাত্রা স্বাভাবিক ও শুষ্ক থাকতে পারে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
গত মাসের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়া দপ্তর বলেছে, গত মাসে স্বাভাবিকের চেয়ে ৩৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী ও সিলেটে স্বাভাবিকের চেয়ে বেশি ও ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।