এ মাসে পাঁচবার ডুবল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের চেহারা এখন এমনই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। কোমরপানিতে ডুবে আছে নগরের মুরাদপুর এলাকার সড়ক। গতকাল বেলা ১টায় তোলা ছবি l জুয়েল শীল
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের চেহারা এখন এমনই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। কোমরপানিতে ডুবে আছে নগরের মুরাদপুর এলাকার সড়ক। গতকাল বেলা ১টায় তোলা ছবি l জুয়েল শীল

বেলা দুইটা। সোমবার। চট্টগ্রাম নগরের আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকা। হাঁটুপানিতে তলিয়ে যাওয়া যানবাহনশূন্য সড়কে প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন চিকিৎসক ভাগ্যধন বড়ুয়া। যাবেন সিঅ্যান্ডবি থেকে সাত কিলোমিটার দূরে চকবাজারে, তাঁর বাসায়। এত দূর যেতে কোনো রিকশাচালককে রাজি করাতে পারছিলেন না। বললেন, ‘চট্টগ্রাম শহরে এত পানি আগে দেখিনি।’

পানি ঠেলে ভাগ্যধন বড়ুয়া শেষ পর্যন্ত কীভাবে বাসায় গেলেন, তা জানতে গতকাল বিকেলে তাঁকে ফোন করা হলে তিনি বলেন, সাত কিলোমিটার পথ পাড়ি দিতে কয়েকবার রিকশা পাল্টাতে হয়েছে। বাসা পর্যন্ত যেতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। খরচ হয়েছে ৩৪০ টাকা।

ভাগ্যধন বড়ুয়ার মতো এমন দুর্ভোগ পোহাতে হয়েছে চট্টগ্রাম নগরের হাজারো মানুষকে। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে হাঁটু থেকে কোমরপানি ঠেলে চলতে হয়েছে। সকাল থেকেই রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম ছিল। ব্যক্তিগত গাড়িও খুব কম চলেছে। পানি বাড়তে থাকায় দুপুরের দিকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জলাবদ্ধতার কারণে নগরের বলুয়ার দিঘি মহাশ্মশানে সৎকারকাজ ব্যাহত হয়। ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ও দোকানে পানি ওঠায় বন্ধ হয়ে যায় বেচাকেনা। পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল। দুই দিন ধরে টানা বৃষ্টির সঙ্গে জোয়ার ও কাপ্তাই হ্রদের পানি যুক্ত হওয়ায় রোববারের চেয়ে গতকাল নগরের বাসিন্দাদের দুর্ভোগ বেশি ছিল।

চলতি মাসেই এ নিয়ে পাঁচবার (৩, ৪, ২৩, ২৪ ও ২৫ জুলাই) চট্টগ্রাম নগরের বড় একটি অংশজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হলো। এ ছাড়া ২০ জুলাই নগরের আগ্রাবাদ, চকবাজার ও বাকলিয়া এলাকা জোয়ারের পানিতে ডুবে যায়।

জলাবদ্ধতার কারণে যাতায়াতের জন্য ২৬ হাজার টাকায় নৌকা কিনেছেন আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ১১ জুলাই কেনা এই নৌকায় করে গতকাল অফিসে আসেন তাঁরা। আগ্রাবাদ সিডিএ এলাকার ১ নম্বর সড়কের ছয়তলা ভবনে ১৭টি এবং একই সড়কের হাতেখড়ি স্কুলের বিপরীতে ১৬ তলা ভবনে ৫৭টি অঞ্চলভিত্তিক কর কার্যালয় রয়েছে। দুটি ভবনে প্রায় ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কমিশনার আহমদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের জন্য সরকারি গাড়ি আছে। কিন্তু বৃষ্টি ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতার কারণে অফিসে যাতায়াতের সড়কটি দেড় থেকে চার ফুট পানির নিচে তলিয়ে যায়। জরুরি প্রয়োজন মেটানোর জন্য অফিসের একটি তহবিল আছে। ওই তহবিল থেকে ২৬ হাজার টাকা দিয়ে আমরা একটি নৌকা কিনেছি। এতে একসঙ্গে তিন-চারজন যাতায়াত করতে পারেন। নৌকা পাওয়ায় আমাদের যাতায়াতের সমস্যা কিছুটা কেটেছে।’

গত রোববার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০০ দশমিক ৬ মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নূর মোহাম্মদ জানান।

নগরের বাকলিয়া, হালিশহর, বহদ্দারহাট, কাপাসগোলা, ষোলশহর, দুই নম্বর গেট, মুরাদপুর, চান্দগাঁও, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা গতকাল সকাল থেকে জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু থেকে বুক পরিমাণ পানি ওঠে। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউতে (লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত) যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি কিছুটা কমলে এক ঘণ্টা পর আবার যান চলাচল শুরু হয়। বেলা সাড়ে তিনটার দিকে ভারী বৃষ্টি শুরু হলে আবার যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা পর আবার সড়কটি সচল হয়।

সিডিএ অ্যাভিনিউর ষোলশহর এলাকায় বেলা একটায় কথা হয় অটোরিকশার চালক জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরে আটকে আছি। যেদিকে তাকাই সেদিকেই পানি।’

বৃষ্টিজনিত জলাবদ্ধতায় আগ্রাবাদ এক্সেস সড়কে গতকাল সকাল থেকেই গাড়ি চলাচল বন্ধ ছিল। দুপুরে এই সড়কসহ আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা ও ব্যাপারীপাড়ায় ছিল হাঁটু থেকে কোমরসমান পানি। আগ্রাবাদ থেকে ছয় কিলোমিটার দূরে মাস্টারপুল ও কোরবানিগঞ্জ এলাকার রাস্তা বেলা সাড়ে ১১টার দিকে ডুবে যায়। পানি ঢোকে মাস্টারপুলের বিভিন্ন বাসাবাড়িতে। রফিক মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ঘরে এবার যে পরিমাণ পানি হয়েছে, তা আগে কখনো হয়নি।’

পানি ওঠায় মাস্টারপুলের পাশের বলুয়ার দিঘি মহাশ্মশানে সৎকারকাজ ব্যাহত হয়। পানিতে শ্মশানের চুল্লির অর্ধেক ডুবে যায়। মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, আগের দুই দিনও পানি ওঠে। গতকাল বেশি পানি ছিল। মৃতদেহ সৎকারের জন্য পানি নামার অপেক্ষায় থাকতে হয়। পানি নেমে যাওয়ার পর বিকেল চারটার দিকে সৎকারকাজ শুরু হয়।

আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে পানি ঢুকতে শুরু করে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পানি। হাসপাতালটির পরিচালক চিকিৎসক নুরুল হক বলেন, এত পানি আগে ওঠেনি। গতকাল ৬০ জন রোগীকে ওপরের তলায় বিভিন্ন মেঝেতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববারের বৃষ্টিতে নগরের মেহেদীবাগে পানি না উঠলেও গতকাল মেহেদীবাগ সড়কও পানিতে তলিয়ে যায়। বৃষ্টির সঙ্গে অমাবস্যার জোয়ার ও কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় হ্রদের পানিও কর্ণফুলী নদীতে যুক্ত হয়েছে। নগরের বিভিন্ন খাল দিয়ে এই পানি লোকালয়ে ঢুকেছে। ১৮ জুলাই থেকে জলবিদ্যুৎ প্রকল্পের ১৬টি ফটক দুই ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এই ১৬ ফটক দিয়ে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে।

রোববার রাত থেকে প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ গতকালও তলিয়ে যায়। চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, চাক্তাই-খাতুনগঞ্জের অন্তত ৩০০ চালের দোকান ও গুদামে পানি ঢুকেছে। এ ছাড়া বিভিন্ন আড়তের পেঁয়াজ, রসুন, ডালসহ নানা পণ্য নষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, পানি ঢোকায় দুই বাজারে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তর নতুন করে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে। আজ মঙ্গলবারও চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

এদিকে অব্যাহত ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস, বন্যা ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০১৮২৭৮৯৯৯১৪ ও ৬১১৫৪৫।