এই অলৌকিক পথরেখা ধরে

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম থেকে সম্প্রতি তোলা হলুদ পদ্মের ছবি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইছাপুরা গ্রাম থেকে বুড়িচং উপজেলার সীমান্ত লাগোয়া দক্ষিণগ্রামে যেতে যেতে ক্রমাগত এক ঘোরের ভেতর দিয়ে সময় গড়াতে থাকে। এ যেন দৃশ্যমান উদ্ভিদগুলোর অলৌকিক পত্রমালার নিচে গাঢ় গভীর নৈঃশব্দ্যের এক হৃদয়স্পর্শী আয়োজন। আমাদের বর্ণিল ও বর্ণাঢ্য পুষ্পভান্ডারে নতুনতম ও গুরুত্বপূর্ণ সংযোজন হলুদ পদ্মকে ছুঁয়ে দেখব বলে দক্ষিণগ্রাম যাচ্ছি। অধীর অপেক্ষায় কাটছে প্রতিটি মুহূর্ত। কখন দেখা পাব পরম কাঙ্ক্ষিত পদ্মের! কিন্তু গন্তব্যে পৌঁছানোর কয়েক কিলোমিটার আগেই প্রকৃতির অপার্থিব সব আয়োজন মুগ্ধতার অতলান্তে নিয়ে গেল আমাকে। আমাদের গাড়ি ছুটছে বুনট সবুজের নির্জন পথরেখা ধরে। অনেক দূরে একেকটি বাড়ি। মানুষের খুব একটা আনাগোনা নেই। উদ্ভিদের বিপুল সমারোহে ভরদুপুরেই যেন সন্ধ্যা নেমেছে। ভাবছি, এমন মায়াবী গ্রাম এখন আর কটিই–বা আছে দেশে! গভীর সবুজের ভেতর ডুবে থাকা শান্ত গ্রামগুলো সব সময়ই চিত্তাকর্ষক। সুন্দরীতম দক্ষিণগ্রামকে সোনার পালকে মুড়িয়ে রাখা এই জনপদগুলো ঠিক তেমনই। চাক্ষুষ হলুদ পদ্ম দেখব বলে আগের দিন ইছাপুরা গ্রামের ভূঁইয়া বাড়িতে আস্তানা গেড়েছি। প্রায় ২৫ বছরের চেনা প্রকৌশলী আবু মুছা ভূঁইয়া গন্তব্যে পৌঁছানোর সব আয়োজন আগেই আন্তরিকভাবে সম্পন্ন করে রেখেছেন।

পদ্মবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হলো! দূর থেকেই অসংখ্য পদ্মের প্রাচুর্যময় শোভা চোখ ধাঁধিয়ে দিল। বিস্মিত হই, আমাদের প্রকৃতিতেই আছে এমন একটি দুর্লভ পদ্ম! যার সামগ্রিক গড়ন ও আঙ্গিক বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের জলাশয়ে জন্মানো সাদা ও গোলাপি পদ্মের কোনো মিল নেই। এমনকি যার খোঁজও কেউ এত দিন পাননি। মাত্র বছর তিনেক আগে সন্ধান পাওয়া গেল পদ্মটির। শুরু থেকেই ব্যতিক্রমী এই পদ্ম নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকার। তিনি জানালেন, পদ্মটির সঠিক শনাক্তি ও অন্যান্য বৈশিষ্ট্য নিশ্চিত করতে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের কিউ গার্ডেনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে তাঁর দল। তাঁরা ফুলটির সব অনুষঙ্গ নিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অনুপুঙ্খভাবে গবেষণা করছেন। আশার কথা, গুরুত্ব অনুধাবন করে আন্তর্জাতিক সংস্থা ইউনেসকো এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আবার জেলা প্রশাসন থেকেও বিলটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণে আগের তুলনায় অযাচিত ভিড় অনেকটাই নিয়ন্ত্রিত। তবে বিলপাড়ের মানুষদের নিয়ে এই উদ্যোগ আরও সুসংহত করা প্রয়োজন। আরও নিবিড় পর্যবেক্ষণ ও সুরক্ষা দরকার।

ততক্ষণে বিলের শান্ত জলে গ্রামের দীর্ঘ ছায়া নেমেছে। সন্ধ্যা মিলিয়ে গেলে জমাট অন্ধকারে আবার জেগে উঠবে এই বিলের পুষ্পসখীরা। আমরা ঘরে ফেরার তাড়া অনুভব করি।