এক কারখানাকে ১ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের একটি কাপড় রং করার (ডাইং) কারখানাকে ১ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই দিন নরসিংদীতে একটি পোশাক কারখানাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে জরিমানা করা হয় জনি ফিনিশিংকে। নরসিংদীতে নোটিশ পাওয়া কারখানার নাম মা সখিনা টেক্সটাইল মিলস।
পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান তাঁর দপ্তরে জনি ফিনিশিং কারখানার প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ আবদুস সালাম সরকার বলেন, গতকাল পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয় থেকে ওই কারখানায় জরিমানা পরিশোধের তাগিদ দিয়ে নোটিশ পাঠানো হয়।