এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে হাঁটুপানি। ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা l জুয়েল শীল
সড়কে হাঁটুপানি। ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা l জুয়েল শীল

মাত্র এক ঘণ্টার বৃষ্টি। এতেই পানিতে থই থই চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ সড়ক। জমে হাঁটু থেকে কোমরসমান পানি। কমে যায় যানবাহন চলাচলও। কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেকে পানি ডিঙিয়ে গন্তব্যে রওনা হন।

 গতকাল বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের জিইসি মোড়, দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় পানি জমে। বৃষ্টি বন্ধ হওয়ার পর পানি নামতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। বেলা সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পতেঙ্গা আবহাওয়া দপ্তরে এই বৃষ্টিপাত রেকর্ড হয়নি। পতেঙ্গাসহ আশপাশের এলাকায় বুধবার বেলা তিনটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো রেকর্ড নেই বলে জানালেন আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে শহরের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও পতেঙ্গার দিকে হয়নি।

জানা গেছে, গতকাল সকাল নয়টার পর থেকে নগরের পাথরঘাটা, সদরঘাট, সিডিএ অ্যাভিনিউ, নিউমার্কেট, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, সাগরিকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলাও শুরু হয় তিন ঘণ্টা দেরিতে বেলা একটায়।

সরেজমিনে সকাল সাড়ে ১০টায় সিডিএ অ্যাভিনিউ সড়কের জিইসির মোড়ে দেখা গেছে, জিইসি মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা ষোলশহরের দিকে যাচ্ছে না। যাত্রীবাহী বাস ছিল হাতেগোনা কয়েকটি। তখন ওই স্থানে যাত্রীবাহী বাসে ওঠার পাদানি পর্যন্ত পানি ছিল। ব্যক্তিগত গাড়িও তেমন দেখা যায়নি। রিকশাও ছিল কম। ফলে হাঁটুপানি মাড়িয়ে অনেকে গন্তব্যে রওনা হয়েছেন।

কথা হয় সালমা আক্তার নামের এক নারীর সঙ্গে। তিনি মুরাদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, লালখান বাজারের বাসা থেকে জিইসির মোড়ে এসে অটোরিকশা থেমে গেছে। রিকশাও মুরাদপুরের দিকে যাচ্ছে না। বাধ্য হয়ে পানি মাড়িয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

জিইসি মোড়ের আধা কিলোমিটার দূরত্বে দুই নম্বর গেটেও ছিল কোমরসমান পানি। গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। গণপরিবহন কম থাকায় রিকশার ভাড়া কয়েকগুণ বেড়ে যায় বলে অভিযোগ করেন অনেক যাত্রী।