এক মাসের মধ্যে পরিষ্কার হবে সড়কটি

মিরপুর ৬ নম্বর সেকশনের গণপূর্ত কাঠের কারখানার (উপবিভাগ) সামনের সড়ক থেকে ময়লা সরাতে ২৫ দিনের মতো সময় লাগবে। সে কারণে এলাকাবাসীকে আরও প্রায় এক মাস ময়লার দুর্গন্ধ ও ভাগাড়ের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
২০১৫ সালের ২৩ নভেম্বর প্রথম আলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তা দুই মাসের মধ্যে সড়ক থেকে ময়লার ভাগাড় স্থানান্তরের কথা বললেও তা হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী মাসের শেষ সপ্তাহে এই সড়কের ময়লা সরানোর কথা। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-২-এর সংশ্লিষ্ট কর্মকর্তা।
গত মঙ্গলবার ৬ নম্বর সেকশনের ডি-ব্লক মোড় এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় ছড়ানো-ছিটানো আবর্জনা। পাশাপাশি ৭টি ময়লার কনটেইনার এবং ১০টি ময়লা সংগ্রহের ভ্যান। কনটেইনারে আবর্জনা নামানোর কাজ চলছে। কয়েকজন ময়লার ভেতরে কাগজ, প্লাস্টিক, লোহাসহ নানা ধরনের পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র খুঁজছে। সড়কের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে ময়লার কনটেইনার থাকায় মূল সড়ক সংকুচিত হয়ে গেছে। ফুটপাতে রিকশাভ্যানের গ্যারেজ। লোকজন হাঁটাচলার জায়গা পাচ্ছে না।
সড়কের পশ্চিম পাশে গণপূর্ত কাঠের কারখানা থেকে ডি-ব্লকের ৪ নম্বর সড়ক পর্যন্ত অংশের চিত্রটি এমন। বিক্ষিপ্তভাবে আছে ময়লা সংগ্রহের ভ্যান। তা ছাড়া এই অংশের ফুটপাত ও রাস্তার কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে রিকশাভ্যানের গ্যারেজ। ফুটপাত ও রাস্তার ওপর সারিবদ্ধভাবে রাখা ৩০টির বেশি রিকশা।
পথচারীদের একজন শাহরিয়ার মোস্তফা বলেন, এ পাশ দিয়ে হাঁটাচলা করা মুশকিল। দুর্গন্ধে বমি আসে।
ওই জায়গায় এক ঘণ্টা অবস্থান করে দেখা যায়, মিরপুর ২ নম্বর থেকে মিরপুর ১১, সাড়ে ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যাওয়ার এই সংযোগ সড়কটি বেশ ব্যস্ত। সংকুচিত সড়কের কারণে যানজট হচ্ছে। স্থানীয় কয়েকজন বলেন, সন্ধ্যায় ভাগাড়ের আশপাশে মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আড়ালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা রিকশার যাত্রীদের ব্যাগ-মোবাইল ধরে টান দিচ্ছে। এ ছাড়া দুর্ঘটনাও ঘটে। ফুটপাত গ্যারেজের দখলে। পথচারী চলাচলের জায়গা নেই। দুর্গন্ধ তো আছেই।
দেখা গেছে, সড়কের পশ্চিমে রূপনগর আবাসিক এলাকা, পূর্ব পাশে পল্লবী ডি ব্লক। দুই এলাকার বাতাসেই মিশে আছে দুর্গন্ধ। ছড়াচ্ছে নানা রকম রোগজীবাণু। জানা যায়, ভাগাড়ের আশপাশে মাদকাসক্তদের চলাফেরা বেশি। পাশের ভবনগুলো ২৪ ঘণ্টাই জানালা-দরজা বন্ধ রাখে। বাইরে কাপড় শুকাতে দিলে তাতেও দুর্গন্ধ লেগে যায়। এলাকাটি ডিএনসিসির ২ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে আঞ্চলিক সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মিরপুরের আরামবাগে সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন নির্মাণ শেষের দিকে। ৬০ শতাংশ কাজ হয়ে গেছে। বাকি কাজ শেষ হলে এ সড়কের সব ময়লা ওখানে চলে যাবে। আগামী এক মাসের মধ্যে সড়ক সম্পূর্ণ ময়লামুক্ত হবে বলে আশা করছি।’