টানা বৃষ্টিতে গতকাল বুধবার রাজশাহী নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্লাবিত হওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়ে নগরবাসী।
মঙ্গলবার দিবাগত রাত একটার পর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে রাজশাহীতে। কখনো মুসলধারে, কখনো ঝিরিঝিরি। বুধবার সকাল পেরিয়ে দুপুরেও ছিল সেই বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। বৃষ্টি মাথায় নিয়ে ভোগান্তি সহ্য করে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। বেলা একটার পর বৃষ্টি থামলেও মেঘ জমে আছে আকাশে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজীব খান জানান, মঙ্গলবার রাত দেড়টা থেকে বুধবার বেলা তিনটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১৪ দশমিক ৯ মিলিমিটার। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
বৃষ্টির পর নগর ঘুরে দেখা গেছে, উপশহর, তেরোখাদিয়া, বিলসিমলা, দরিখরবোনা, কোর্ট, হেতেম খাঁ, সাগরপাড়া, সাধুর মোড়, সাহেববাজার, কাশিয়াডাঙ্গা, তালাইমারী, কাজলা ও ছোট বনগ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। যানবাহনের চলাচল করতে ব্যাপক বেগ পেতে হয়। বৃষ্টির পর জরুরি কাজে বের হওয়া মানুষজনকে যানবাহন পেতে ভোগান্তিতে পড়তে হয়। রিকশা, অটোরিকশার সংখ্যা ছিল কম। ফলে চালকেরা দ্বিগুণ দাম হাঁকছিলেন। রাস্তা ডুবে যাওয়ায় পায়ে হাঁটা মানুষের দুর্ভোগের শেষ ছিল না। আবার নিচু এলাকার কয়েক শ বাড়িতে পানি উঠে যাওয়ায় পানিনিষ্কাশন নিয়ে ব্যাপক দুর্ভোগে পড়ে নগরবাসী। বিকেলের দিকে মূল রাস্তাগুলোর পানি নামতে শুরু করে। তবে নিচু এলাকার রাস্তাগুলোতে তখনো পানি জমে ছিল।
বেলা একটার দিকে নগরের সাধুর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সাধুর মোড় থেকে হাদীর মোড় যাওয়া রাস্তাটি হাঁটুপানির নিচে। অনেকে জাল দিয়ে পানিতে মাছ শিকার করছেন। তাঁদের মধ্যে সৌরভ, জুয়েল রানা ও মজিবর জানালেন, তেলাপিয়া, লাইলনটিকা, মাগুর, কই মাছ ধরা পড়ছিল জালে। আশপাশের পুকুর ভেসে গিয়ে সেই মাছ রাস্তায় চলে এসেছে। রাস্তার পানি অনেক বাড়িতেও ঢুকে গেছে। রাস্তা দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা যাওয়ার সময় পানি ঢুকে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এলাকার বাসিন্দা আশরাফ আলী জানান, তাঁর বাড়িতে হাঁটুপানি উঠেছে।
উপশহর এলাকার বাসিন্দা ইলিয়াস আরাফাত বলেন, রাত থেকে টানা বৃষ্টির ফলে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে যায়। বাড়ির ভেতরেও পানি ওঠে। সকালে সবাই বিছানার ওপর উঠে বসে ছিলেন। বিকেল হতে হতে পানি কমে গেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এর আগে রাজশাহীতে বৃষ্টিতে এত বেশি রাস্তা তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। গতকালের বৃষ্টির পর দীর্ঘ সময় রাস্তায় পানি জমে ছিল। এ নিয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন।
সিটি করপোরেশন এই জলাবদ্ধতার জন্য সবগুলো নর্দমা নিয়মিত পরিষ্কার করতে না পারাকে চিহ্নিত করেছে। রাজশাহী নগরের পানি নর্দমা দিয়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী বারনই নদে। নগরের নর্দমাগুলো বড় হলেও নদের কাছাকাছি গিয়ে অনেক ছোট। ফলে পানি নিষ্কাশন হতে সময় লাগে। এ ছাড়া নগরায়ণের ফলে পুকুর-ডোবা ভরাট করে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। কিন্তু সেই তুলনায় নর্দমা বৃদ্ধি পাচ্ছে না। ফলে জলাবদ্ধতার সমস্যা বাড়ছে। এসব বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সমস্যা বড় আকার ধারণ করবে।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, অন্য শহরে দীর্ঘ সময় পানি জমে থাকলেও রাজশাহীতে দেড়-দুই ঘণ্টায় পানি নেমে যায়। এটা যাতে আধা ঘণ্টার মধ্যে নামে, সেই লক্ষ্যে তাঁরা কাজ করছেন। কিছু নর্দমার ওপর দোকানপাট, বসতবাড়ি হয়ে এমন অবস্থা যে কর্মীরা সেখানে ঢুকে পরিষ্কার করতে পারেন না। আবার শহরের দিকে মূল নর্দমাগুলো ২৫ ফুট চওড়া হলেও শহরের বাইরের দিকে গিয়ে তা ৫ ফুট হয়ে গেছে। এটাকে বাড়ানো হবে। এ ছাড়া নগরের কোথায় কোথায় নতুন নর্দমা লাগবে, কোনগুলো বড় করতে হবে— তা যাচাই-বাছাই করে মহাপরিকল্পনা রিভিউ করা হবে। প্রতিবছর নর্দমা পরিষ্কারের সিদ্ধান্তও নিয়েছে করপোরেশন।