একটি নীলটুনির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই নীলটুনিটা
ছবি: মোল্লা আজমুল হোসেন

মোচাটুনিটা বসল এসে কলার মোচায় ঝুলে। কলা ফুলের মধু পান করল লম্বা-সুচালো ঠোঁট প্রতিটা ফুলে ফুলে ঢুকিয়ে দিয়ে। তারপর দিল উড়াল ‘টিট্ টিট্’ ধাতব স্বরে ডাকতে ডাকতে। খুব চঞ্চল পাখি। একটু উঁচু দিয়ে দ্রুতবেগে ওড়ে।

দৃশ্যটা মনপ্রাণ ভরে উপভোগ করার পর আমরা তিনজন রওনা হলাম দূরের আরেকটা কলাবাগানের দিকে। কলাবাগানটিতে ঢুকে কলার পাতার তলা যখন পরখ করছি আমরা, তখনই একটি মোচাটুনি ডাকতে ডাকতে এসে বসল একটি কলার পাতার ওপরে, মুখে বাসা বাঁধার উপকরণ। দূরে সরে বসে পড়লাম আমরা। পাখিটা উপকরণ মুখে পাতার ওপর থেকে লাফ দিয়ে নামল পাতাটার তলদেশে, ঝুলে বসে সুচ ঠোঁটে পাতাটা ছিদ্র করে ঢুকিয়ে দিল পাতাটার উপরিভাগে। জোড়ের পাখিটা ততক্ষণে এসে বসে গেছে পাতার উপরিভাগে, সেটার উপকরণটা ঠোঁটে ধরে ঢুকিয়ে দিল নিচে, নিচের পাখিটা উপকরণ আবারও পাঠাল ওপরে। তারপর দুটিতেই উড়াল দিল ডাকতে ডাকতে, আবারও আনবে উপকরণ। কলার পাতার তলায় মোচাটুনির বাসা দেখলেÑবাসার শৈল্পিক গড়ন-ধরন দেখলে ও বাসা বানানোর কৌশল দেখলে এদেরকেও বলতে হয় তাঁতি পাখি। আমার বিবেচনায় মহা তাঁতি পাখি।

দৃশ্যটা পরপর ৬ দিন দেখলাম আমরা। এ এক দারুণ নেশা আমার। বাল্য-কৈশোরের নেশাটা এই প্রায় ৭০ বছর বয়সেও একটু কমেনি। কমেনি প্রকৃতি উপভোগের নেশা। প্রতিটা ঋতুরই আছে আলাদা আলাদা বর্ণ-গন্ধ ও ছন্দ। কোন শিল্পী যে রং দিয়ে প্রকৃতিকে সাজিয়ে তোলে! প্রকৃতির গান আছে, আছে ভাষা, বাসন্তী রঙে প্রকৃতি শুধু বসন্তেই সাজে না,Ñঋতুতে ঋতুতে গান বদলে যায়, বদলে যায় রং ও বর্ণ-ছন্দ।

এবার বলব নীলটুনির গল্প। মার্চ মাসের ৭ তারিখ। ঢাকা থেকে ১৫ দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। প্রায় অর্ধশতাব্দী ধরে এটা আমার রুটিন বেড়ানো। শীতে যাই। বসন্তে যাই। গ্রীষ্মে যাই ও বর্ষাকালে যাই। শরৎ-হেমন্তেও যাই। তো এবারও বাড়িতে গিয়ে ভরা বসন্তের রূপ আমি দেখি। প্রকৃতিতে বসন্তের গন্ধ ভাসছে। পাখিদের শরীর-মনেও বসন্ত লেগেছে। ওদের ডাক-গানে মুখর গ্রামের প্রকৃতি। বসন্তের ছন্দে-গন্ধে পাখিরা যে কী রকম পাগলপারা হয়ে উঠেছে! সবাই মহাব্যস্ত বাসা বানানোর প্রস্তুতি ও বাসা বানাতে। গ্রীষ্মের পরিযায়ী পাখি হালতিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। রাঙা হালতিরা প্রচুর খাবার খেয়ে নিচ্ছে। মৌটুসি-নীলটুনিরা বাসা বানাতে শুরু করে দিয়েছে। আমার বাড়ির থেকে আন্দাজ ২০০ গজ দক্ষিণের একটা বাড়ির আঙিনায় মেহেদিগাছে বাসা বানাতে শুরু করেছে এক জোড়া নীলটুনি। মোচাটুনির জাতভাই এরা। পুরুষটা কোনো কাজেরই না।Ñশুধু আনন্দ-ফুর্তিতে মেতে থাকে আর উঁচু গাছের মগডালে বসে জোরে জোরে ধাতব সুরেলা কণ্ঠে গান গায়। বাসা বানানোর কাজে সে বউকে সাহায্য করে না মোটেও, তবে সঙ্গ দেয়। পুরুষটি দেখতে দারুণ সুন্দর। তবে প্রজনন মৌসুম ছাড়া রংটি তারÑবউয়ের মতোই সাদামাটা, সবজেটে।

এক সন্ধ্যায় পুরুষটি রাতের আশ্রয় নিল ওই বাড়িরই আঙিনায় পেঁপে পাতার ছাতার তলায়। পেঁপে ডগার শেষ প্রান্তটা একটু ঊর্ধ্বমুখী ঢেউখেলানো, ওখানটাতে বসলে পাতার তলায় থাকা যায়, বৃষ্টিও পড়বে না শরীরে। নীলটুনি-মোচাটুনি-টুনটুনিদের রাতের আশ্রয়স্থল হিসেবে পেঁপে পাতার ছাতার তলাটা খুবই প্রিয় ও আদর্শ স্থান।

ওই বাড়িতে আছে একটি পোষা বিড়াল ও তার তিনটি তিন মাস বয়সী ছানা। আঙিনায় তারা খেলায় মেতে ছিল। বারান্দার বিদ্যুৎ বাতির আলো পড়েছে আঙিনায়। হঠাৎ বোধ হয় একটি বিড়ালের চোখ পড়ল পেঁপে পাতার তলায় বসা পুঁচকে পাখিটার দিকে। সে শিকারের জন্য ৮ ফুট উঁচু পেঁপেগাছটা বেয়ে উঠতে শুরু করল। আগায় পৌঁছে থাবা মারল পেঁপে পাতার ডগায়, ভয়ে চিৎকার দিয়ে পাখিটা উড়াল দিল বারান্দার আলোর দিকে, বারান্দায় গিয়ে ওটা বড়সড় মাকড়সার জালে আটকে ঝুলে গেল। মুক্তি পাওয়ার জন্য পাখিটার কী চিৎকার ও ছটফটানি! বাড়ির মালিকের ছেলে মোল্লা আজমুল হোসেন ও তার মা এসে কাণ্ড দেখে অবাক। মুক্ত করল। খবর পেয়ে গেলাম আমি। আজমুল ছবি তুলল। বহুকাল বাদে হাতে ধরে নীলটুনিটার যৌবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। রাতভর থাকল সে বন্দী। ভোরে ছেড়ে দেওয়া হলো।

হ্যাঁ, মেহেদিগাছের ঝুলন্ত থলের মতো বাসাটা সম্পূর্ণ হলো আমি বাড়ি থাকতেই। সেই নীলটুনিটার আনন্দ-ফুর্তির গানও শুনলাম। তবে ওই পেঁপেগাছটার পাতার ছাতার তলায় রাতের আশ্রয় আর নেয়নি পাখিটি। নীলটুনির ইংরেজি নাম Purple sunbird. দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। ওজন ৭.৭ গ্রাম।