
কথায় বলে টাকা থাকলে বাঘের চোখও মেলে। তবে শুধু এখন চোখ নয়, বনের রাজা বাঘের হাড়, দাঁত, নখ, মাংসসহ নানা অঙ্গপ্রত্যঙ্গ দেশে টাকায় বিকোচ্ছে।
‘বাঘের অঙ্গপ্রত্যঙ্গের স্থানীয় বাজারের সঙ্গে সুন্দরবনের বাঘ হত্যার সম্পর্ক’ শীর্ষক এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং বন্য প্রাণী-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ড টিমের ১০ জন গবেষক। তাঁরা মূলত বাংলাদেশের সুন্দরবনের বাঘ হত্যার কারণ এবং এরপর বাঘের অঙ্গপ্রত্যঙ্গের পরিণতি কী হয়, তা অনুসন্ধান করেছেন। নয় বছর ধরে তাঁরা গবেষণাটি করছেন। গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রুটলেজের হিউম্যান ডাইমেনশনস অব ওয়াইল্ডলাইফ সাময়িকীতে তাঁদের ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বাজার গড়ে উঠেছে। এর সঙ্গে জড়িত সুন্দরবন-সংলগ্ন চারটি উপজেলার স্থানীয় কিছু শিকারি এবং বাইরে থেকে আসা চোরাচালানি চক্র। মূলত কবিরাজি ওষুধ, আধ্যাত্মিক বিশ্বাস, গয়না এবং দর্শনীয় বস্তু হিসেবে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। গবেষকেরা বলছেন, এভাবে বাঘ নিধন চলতে থাকলে বাংলাদেশ থেকে চিরতরে এই প্রাণীটি হারিয়ে যাবে।
এ পরিস্থিতিতে ‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ স্লোগান সামনে রেখে বিশ্বজুড়ে আজ ৫ জুন পরিবেশ দিবস পালিত হচ্ছে। বিশ্বজুড়ে বন্য প্রাণী হত্যা ও চোরাচালান বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবারের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
গবেষক দলের প্রধান ও কেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক সামিয়া সাইফ প্রথম আলোকে বলেন, ঐতিহাসিকভাবেই এ অঞ্চলে বাঘ শিকারকে বীরত্বমূলক কর্মকাণ্ড হিসেবে দেখা হতো। কিন্তু বাঘের চামড়া ছাড়া অন্য অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহারের কথা তেমন শোনা যায়নি। এখন বীরত্ব ও আভিজাত্য দেখাতে বাঘ হত্যা বন্ধ হয়েছে। কিন্তু বাঘের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে চোখ, হাড়, দাঁত, নখ, মাংসসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নানাবিধ ব্যবহার ও বাজার তৈরি হয়েছে। এ তৎপরতা বন্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।
বন্য প্রাণী পাচার পর্যবেক্ষণ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ট্রাফিকের আরেকটি প্রতিবেদনে (২০১৩) বিশ্বজুড়ে বাঘ এবং বাঘের অঙ্গপ্রত্যঙ্গের আন্তর্জাতিক চোরাচালানকে বাঘ হত্যা এবং চুরির জন্য দায়ী করা হয়েছে। মূলত চীন ও থাইল্যান্ডকেন্দ্রিক চোরাই বাজার বিশ্বে বাঘের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে।
পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ২০১৩ সাল থেকে বাংলাদেশের বাঘ হত্যা এবং চোরাচালান নিয়ে তদারকি শুরু করেছে। গত বছর সংস্থাটি বাংলাদেশ সরকারকে দেওয়া একটি প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের সুন্দরবনের বাঘ হত্যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য জড়িত। সুন্দরবন থেকে হত্যা করা বাঘের চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চীন ও থাইল্যান্ডের বাজারে পাচার হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগের একার পক্ষে বাঘ হত্যা ও চোরাচালান বন্ধ করা যাবে না। এ জন্য দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে কাজ শুরু করেছি।’
কারা ও কেন কেনে: ‘বাঘের অঙ্গপ্রত্যঙ্গের স্থানীয় বাজারের সঙ্গে সুন্দরবনের বাঘ হত্যার সম্পর্ক’বিষয়ক প্রতিবেদনটি তৈরির সময় গবেষকেরা ১৩৯ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। তাঁদের মধ্যে আছেন সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), গ্রামবাসী, বাঘশিকারি এবং বাঘের অঙ্গপ্রত্যঙ্গের ক্রেতারা। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নেওয়া ওই সব সাক্ষাৎকারে ৯০ জন বলেছেন, বাঘের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারে উপকার পাওয়া যায়। ২৮ জন অবশ্য তা বিশ্বাস করেন না। বাকি ব্যক্তিরা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
গবেষণাটি মূলত সুন্দরবন-সংলগ্ন খুলনার দাকোপ ও কয়রা, বাগেরহাটের মংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পরিচালিত হয়েছে। গবেষণাকালে ১৩ জন পুরুষকে বাঘের হাড় ও দাঁতের তৈরি আংটি ও গলার মালা পরতে দেখা গেছে। তাঁরা বলেছেন, এতে তাঁদের পৌরুষত্ব শক্তি বাড়ে, সামাজিক সম্মান বৃদ্ধি পায়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাঘের মাংস-চর্বি খাওয়া সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর এবং অবৈজ্ঞানিক। এতে নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু থাকতে পারে। ফলে এগুলো রোগ দূর করার জন্য খেলে উল্টো নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বাঘের দাঁত বা নখ দিয়ে তৈরি গয়না ব্যবহার করাটাও একধরনের কুসংস্কার।
আন্তর্জাতিক বাজার: ট্রাফিক প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিশ্বের বাঘসমৃদ্ধ ১২টি দেশ থেকে জব্দ হওয়া বাঘের চামড়া ও হাড় নিয়ে একটি জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ছয়টি বাঘের অঙ্গপ্রত্যঙ্গ আন্তর্জাতিক বাজারে বিক্রির সময় আটক করা হয়েছে।
ওই প্রতিবেদনে বাঘের সবচেয়ে বড় বাজার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঘ পাচার হয়ে চীনে যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের সুন্দরবনে এখন মাত্র ১০৬টি বাঘ আছে বলে সর্বশেষ জরিপে বেরিয়ে এসেছে। এই কয়টা বাঘ যদি আমরা এসব চোরাচালানির হাত থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের জাতীয় পশু ও বীরত্বের প্রতীক বাঘ চিরতরে এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে।’
ট্রাফিকের হিসাব অনুযায়ী চোরা শিকারিদের কবলে পড়ে বিশ্বের অনেক দেশ থেকেই বাঘ বিলুপ্ত হয়ে গেছে। ইতিমধ্যে কম্বোডিয়া থেকে বাঘ চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। চীন ও ভিয়েতনামে মাত্র পাঁচ থেকে ছয়টি বাঘ রয়েছে।