এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ার অনেক গ্রাম কোমরসমান পানিতে তলিয়ে গেছে। ছবিটি কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রাম থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
কক্সবাজারের চকরিয়ার অনেক গ্রাম কোমরসমান পানিতে তলিয়ে গেছে। ছবিটি কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রাম থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ৩৮টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানিবন্দী রয়েছে এসব এলাকার অন্তত ১০ লাখ মানুষ। আষাঢ়ি পূর্ণিমা ও ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে তিন দিন ধরে অস্বাভাবিক জোয়ারের কারণে নতুন করে এসব উপজেলার অনেক গ্রাম তলিয়ে যায়। তবে গতকাল রোববার বৃষ্টি কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল জেলার বন্যাকবলিত আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলা পরিদর্শন করেছেন। বাঁশখালী থেকে বেলা একটার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানান, বাঁশখালীর সবগুলো ইউনিয়ন এখনো পানির নিচে রয়েছে। এই উপজেলার বন্যাদুর্গত অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে রয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের ১৪ উপজেলার ৫০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার ১২৪টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় গতকাল পর্যন্ত বন্যার পানিতে ডুবে ছিল। টানা বৃষ্টির পর পূর্ণিমার জোয়ারের প্রভাবে গতকালও কিছু ইউনিয়নে নতুন করে পানি উঠেছে। ১৪ উপজেলার ৪৪ হাজার ২০০ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল বাশার। জেলা প্রশাসন থেকে গতকাল পর্যন্ত ২৯৮ টন চাল এবং নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলার আট উপজেলার প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় জেলার আটটি উপজেলায় ১ হাজার ২০০ কোটি টাকার ফসল, মাছ, চিংড়ি, লবণ, পোলট্রি, গবাদিপশু, বেড়িবাঁধ, সড়ক, ঘরবাড়িসহ নানা অবকাঠােমা ক্ষতি হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে সম্পূর্ণ বিলীন হয়েছে প্রায় ৪০ হাজার কাঁচা ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪৫ হাজার। সম্পূর্ণভাবে ভেঙে গেছে ২৫ কিলোমিটার পাকা এবং ২৩৫ কিলোমিটার কাঁচা রাস্তা। বেড়িবাঁধ ভেঙে গেছে ৫৬ কিলোমিটার। ৩০০ পোলট্রির মুরগি মরে গেছে। ১ হাজার ২০০টি মৎস্য প্রকল্প ও চিংড়িঘের বিলীন হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৪০টিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে পেকুয়া ও চকরিয়ার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
নোয়াখালী জেলার নয়টি উপজেলার ৯১টি ইউনিয়নের মধ্যে ৭৯টি ইউনিয়নেই বন্যা পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার রাতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জানান, জেলার নয়টি উপজেলার ৪ লাখ ৫০ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫ হাজার ৭০০ হেক্টর আমন বীজতলা ডুবে গেছে। এক হাজার কিলোমিটার কাঁচা, আধা পাকা ও পাকা সড়ক নষ্ট হয়েছে এবং প্রায় ২০ হাজার পুকুর দিঘির ও মাছের খামারের মাছ ভেসে গেছে।
তবে সংবাদ সম্মেলনে বন্যাকে ‘জলাবদ্ধতা’ হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। কেন বন্যা না বলে জলাবদ্ধতা বলছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আরও দু-তিন দিন দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নোয়াখালী জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহরুল ইসলাম মোহাম্মদ আবু হেনা প্রথম আলোকে জানান, নয় উপজেলার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ তিন হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ফেনীর তিন উপজেলার (ফেনী সদর, দাগনভূঁঞা ও ফুলগাজী) ২৬টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় ১ হাজার ২৫৮ হেক্টর জমির বীজতলা, ২৫০ হেক্টর আউশ ধান ও ৪৩৯ হেক্টর রোপা আমন এবং ১৫৯ হেক্টর সবজিখেতের ক্ষতি হয়েছে। প্রায় ১২৫ কিলোমিটার পাকা সড়ক ও ২০৫ কিলোমিটার কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। ফুলগাজীতে মুহুরী নদীর ও কহুয়া নদীর বেড়িবাঁধের প্রায় ২৫০ মিটার ক্ষতি হয়েছে। বন্যার কারণে ৪০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার গতকাল দাগনভূঁঞা উপজেলা পরিদর্শনে যান। তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িঘর, পাকা-কাঁচা সড়কসহ ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
কৃষি সম্প্রসারণ বিভাগ ফেনীর অতিরিক্ত উপপরিচালক আলী আহমদ জানান, জেলায় এবারের বন্যায় ১ হাজার ২৫৮ হেক্টর জমির বীজতলা, ২৫০ হেক্টর আউশ ধান, ৪৩৯ হেক্টর রোপা আমন এবং ১৫৯ হেক্টর সবজিখেতের ক্ষতি হয়েছে।
বান্দরবানে বন্যার পানি কমতে শুরু করলেও বান্দরবান-রাঙামাটি, আজিজনগর-গজালিয়া, সেনাবাহিনীর নির্মিত আলীকদম-থানচি, বান্দরবান-রুমা, বান্দরবান-চিম্বুক-থানচি সড়কসহ জেলার অভ্যন্তরীণ পাঁচটি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন জানান, বন্যায় জেলার চার উপজেলার প্রায় ৬ হাজার ৫০০ কৃষক পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বীজতলা ও রোপা আমনের খেত। জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মনসুরুর রহমান জানান, প্রাথমিকভাবে শুধু আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কৃষি, মৎস্যসহ সব বিভাগের সমন্বয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
এদিকে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলা, বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভোলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, প্রায় ২০ কিলোমিটার মহাসড়ক, আঞ্চলিক ও জেলা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, জেলার সাত উপজেলায় ১৩০ কিলোমিটার কাঁচা-পাকা সড়কের ক্ষতি হয়েছে। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, জেলায় ৮৪ হাজার ১২০ হেক্টর আউশ, ১৪ হাজার ২৩০ হেক্টর আমন বীজতলা ও ৫০০ হেক্টর সবজিখেত বৃষ্টির পানি ও জোয়ারে প্লাবিত হচ্ছে।
বরগুনায় প্রায় তিন কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে অন্তত ১০ কিলোমিটার বাঁধ।
সাতক্ষীরা জেলার চারটি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৩০ হাজার পরিবার। ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পটুয়াখালীতে বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানিতে কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার ১৪ ইউনিয়নের ৭৭ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।