নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন উপজেলায় জলজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বিভিন্ন স্থানে খুব ধীরগতিতে পানি নামছে। টানা পানিবন্দী থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
নোয়াখালী ও ফেনী প্রতিনিধির পাঠানো খবর।
গত ২৪ ঘণ্টায় তেমন বৃষ্টিপাত না হলেও নোয়াখালী শহর এবং জেলার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানিনিষ্কাশনের খালগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পানি নামছে ধীরগতিতে। এ কারণে গতকাল বৃহস্পতিবারও জেলা শহরের অনেক রাস্তাঘাট জলমগ্ন থাকতে দেখা গেছে।
এ ছাড়া জেলার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বেশির ভাগ গ্রামীণ সড়ক এখনো পানির নিচে। গত ২৪ ঘণ্টায় তেমন বৃষ্টিপাত না হলেও পানি নামছে অত্যন্ত ধীরগতিতে।
সেনবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (বাতানিয়া) বাসিন্দারা গতকাল সকালে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকায় মানববন্ধন করেন। জলাবদ্ধতার কারণে উপজেলা দুটির ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা নিয়াজ উদ্দিন পাটোয়ারী।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় তাঁর উপজেলায় জলাবদ্ধতা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তবে খালগুলোর পানিপ্রবাহ যাতে স্বাভাবিক থাকে সে জন্য গতকাল তিনি হাছানহাট, প্রাক-মুন্সিরহাটসহ বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা ও জাল উচ্ছেদ করেছেন।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের প্রধান সড়কগুলো ছাড়া অন্য সড়কগুলো এখনো জলমগ্ন রয়েছে।
ফেনীতে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চারটি গ্রাম, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ও রাজাপুর ইউনিয়নের সাতটি গ্রামের জলাবদ্ধতার উন্নতি হয়নি। ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফুলগাজীর পাঁচটি গ্রামে এখনো পানি থই থই করছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৈখালী, দক্ষিণ কৈখালী ও গৌতমখালী, নেকান্তরপুর, সেকান্তরপুর, কৌশল্যা ও শরিফপুর গ্রামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সড়কগুলো পানিতে তলিয়ে আছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানির কারনে দুটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমসহ সব ধরনের কাজের মনিটরিং করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দাগনভূঞার শরিফপুর প্রাথমিক বিদ্যালয়ে খোলা আশ্রয়কেন্দ্র ঠাঁই নেওয়া লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। ওই আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০টি পরিবার ঠাঁই নিয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আনন্দপুর ও জিএম হাট ইউনিয়নের পাঁচটি গ্রাম এখনো পানিতে তলিয়ে রয়েছে।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা বলেন, তাঁর ইউনিয়নের চারটি গ্রাম এখনো দুই থেকে তিন ফুট পানির নিচে রয়েছে। স্থানীয় আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে গত এক সপ্তাহ পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য তিন মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।