সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস তেল নিয়ে শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনায় সুন্দরবন নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো)। বিশ্বের জীববৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক জলাভূমিবিষয়ক জাতিসংঘের সংস্থা রামসারও তেল বিপর্যয়ের ওই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনেসকো ও রামসার কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই উদ্বেগ জানানো হয়। সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় ১১ ডিসেম্বর উদ্বেগ জানায় জাতিসংঘ। এই বিপর্যয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনে যাওয়ার জন্য জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দলের বেশির ভাগ সদস্য গতকালই ঢাকায় পৌঁছেছেন।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সুন্দরবন পরিদর্শন করেন। তিনি তেল ছড়িয়ে পড়ার জন্য বিআইডব্লিউটিএকে দায়ী করেছেন।
ইউনেসকোর ওয়েবসাইটে বলা হয়েছে, তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের ‘অসামান্য এবং বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ’ প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের কী ক্ষয়ক্ষতি হলো, তা নিরূপণ করে দ্রুত ব্যবস্থা নিতে ইউনেসকো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
১৯৯৭ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য সেন্টার থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। গত জুনে ইউনেসকো সরকারকে চিঠি দিয়ে বলে, সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ এবং সুন্দরবনসংলগ্ন এলাকায় শিল্পকারখানা স্থাপনে তারা উদ্বিগ্ন। এসব বন্ধে তারা সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। চিঠিতে আরও বলা হয়, মানবসৃষ্ট কারণে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের ক্ষতি বন্ধ করতে না পারলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে।
গতকাল রামসার কর্তৃপক্ষের ওয়েবসাইটে সংস্থাটির বৈজ্ঞানিক ও কারিগরি মূল্যায়ন প্যানেলের প্রধান অধ্যাপক রয় গার্ডনার বলেন, রামসার ইতিমধ্যে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। এই দলে ২০১০ সালে মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের ঘটনায় কাজ করা তদন্ত দলের সদস্যরাও রয়েছেন।
সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের ঢাকায় পৌঁছানো সদস্যরা গতকাল সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। তাঁদের অগ্রবর্তী দল আজ শনিবার সুন্দরবনের উদ্দেশে রওনা হচ্ছে। আগামীকাল মূল দলটির সুন্দরবনের উদ্দেশে যাওয়ার কথা। জাতিসংঘের এই দলটির সঙ্গে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দলও থাকবেন বলে জানা গেছে।
এ দলে রয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা ওচা, জাতিসংঘের পরিবেশবিষয়ক যৌথ পর্যবেক্ষণ দল, যুক্তরাষ্ট্রের তেল নিঃসরণ বিশেষজ্ঞ এবং জাতিসংঘের দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞ। দলটি তেল ছড়িয়ে পড়ার ক্ষয়ক্ষতি নিরূপণে অত্যাধুনিক যন্ত্রপাতিও সঙ্গে এনেছে।
শ্যালা নদীতে ট্যাংকারডুবির ১০ দিনের মাথায় গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। তিনি ট্যাংকারডুবি এবং তেল ছড়িয়ে পড়ার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) দায়ী করে বলেন, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়া ট্যাংকারটিকে সময়মতো উদ্ধার করতে পারলে তেল ছড়ানোর পরিমাণ কমিয়ে আনা যেত।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, লেগে থাকা তেলে নদীতীরবর্তী গাছ ও লতাগুল্ম মারা যাবে। তবে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা তিনি করেছিলেন সেই পরিমাণ ক্ষতি হয়নি। এ সময় সুন্দরবনের ভেতর দিয়ে এ নৌপথটি বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন, আমি পরিবেশের লোক, এটা নৌপরিবহনের ব্যাপার।’
মন্ত্রী সি প্লেনে করে দুপুর ১২টার খানিক আগে মংলা নদীর নারিকেলতলায় পৌঁছান। পরে বন বিভাগের স্পিডবোটে করে প্রথমে শ্যালা নদীর সূর্যমুখী খালের কিছুদূর যান। সেখান থেকে দুর্ঘটনাস্থল মৃগমারীর একটু সামনে বাদামতলী খালের মুখে কিছুক্ষণ অবস্থান করে চাঁদপাই রেঞ্জের জয়মণি লঞ্চঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে যান করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে। বেলা সাড়ে তিনটায় তিনি ঢাকার উদ্দেশে মংলা ত্যাগ করেন।
এর আগে মন্ত্রীর সঙ্গে থাকা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইসুল আলম মণ্ডলের কাছে বনের গাছ ও এখানকার জলজ প্রাণীদের ওপর তেলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাইলে বলেন, এখানকার অবস্থা জলজ প্রাণীদের জন্য কিছুটা হলেও ভালো আছে। তবে বনের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হবে, সেটা বুঝতে সময় লাগবে। এ ছাড়া এই মুহূর্তে নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সহনীয় পর্যায়ে রয়েছে।
তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রধান নুরুল করীম গতকাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তেল ছড়িয়ে পড়ার পর তাঁরা পশুর ও শ্যালা নদীর পানি পরীক্ষা করে দেখেছেন। তাতে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদের জন্য নিরাপদ। আন্তর্জাতিক ডলফিন বিশেষজ্ঞ ব্রায়ান স্মিথের পর্যবেক্ষণ টেনে তিনি বলেন, ওই বিশেষজ্ঞ দেখতে পেয়েছেন সুন্দরবনের ডলফিনের কোনো ক্ষতি হয়নি।