
দুধকুমার নদের ভাঙনে আগেই ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে সেখানকার বাসিন্দারা। এখন শুকনো মৌসুমের শুরুতে আবার ভাঙন দেখা দিয়েছে নদে। হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদীতীর রক্ষা বাঁধ। মাথা গোঁজার শেষ ভরসা হুমকিতে পড়ায় দিশেহারা কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের নদীতীরের তিন গ্রামের মানুষ।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, দুধকুমার নদ পূর্ব দিক দিয়ে এসে ইউনিয়নের খামার রসুলপুর, ভৈষেরকুটি ও ব্রক্ষ্মত্তর গ্রামে ভাঙন সৃষ্টি করেছে। এতে হুমকির মুখে পড়েছে খামার রসুলপুর গ্রাম সংলগ্ন পাউবোর বাঁধ। ভাঙনকবলিত স্থানে ফেলার জন্য পাউবোর পক্ষ থেকে শ্রমিক দিয়ে জিও ব্যাগে বালু ভরা হচ্ছে। লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে।
খামার রসুলপুর গ্রামের ইউছুব আলী আক্ষেপ করে বলেন, ‘সর্বনাশা ভাঙনে ভিটামাটি সউগ শ্যাষ। বাঁধোত ঘর তুলমো। সেটাও ভাঙবার ঢক ধরছে। এ্যালা কী করমো ভাবি পাছি না।’
ইউনিয়ন সচিব আইয়ুব আলী বলেন, দুই বছর ধরে ভৈষেরকুটি গ্রাম ভাঙছে। এরই মধ্যে গ্রামের মূল ভূখণ্ডের দুই কিলোমিটার এলাকার আবাদি জমি ও বসতবাড়ি নদী গ্রাস করেছে। মাঝে কিছুদিন ভাঙনের তীব্রতা কমলেও দেড় মাস যাবৎ আবার তীব্র হয়েছে। এ জন্য এলাকাবাসী মানববন্ধন, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করায় পাউবো তাড়াতাড়ি করে লোকদেখানো কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, এখন নদীর ওপরে তেমন স্রোত নেই। তবে নদীর তলদেশে স্রোত বইছে। এ স্রোত পাক খেয়ে এসে নদীতীরের তলদেশের মাটি ভেঙে নিচ্ছে। এতে ওপর থেকে ধসে পরছে তীর।
সচিব বলেন, এ নিয়ে এই এলাকার মানুষ দুবার ভাঙনের শিকার হলো। আগের ভাঙনে যারা জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা ওয়াবদা বাঁধে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। এখন সেখানে ইঞ্চি পরিমাণ জায়গা নেই। নতুন করে যারা ভাঙনের শিকার, তাদের কোথায় ঠাঁই হবে তা নিয়ে দিশেহারা এসব মানুষ।
এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার তবিজন বিবি বলেন, নদের ভাঙন এখন প্রতিরক্ষা বাঁধের মাত্র ২০ ফুট দূরে আছে। বাঁধের
পাশে শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে। এরই মধ্যে অনেকে ঘরবাড়ি ভেঙে সরানো শুরু করেছে। তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্যি,
এদের নিজস্ব আর কোনো জমি নেই। এরা মাতব্বরদের ধরেও আশ্রয় নেওয়ার মতো জায়গা পাচ্ছে না।
ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মালেক বলেন, দুই বছর ধরে এ এলাকা ভাঙছে। বর্তমানে এখানে ৫০০ মিটারেরও বেশি এলাকা ভাঙনের মুখে। তিনি আরও বলেন, বর্তমানে ভাঙন তীব্রতর হচ্ছে। যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এখানকার জনপদ বাঁচাতে ব্যাপক হারে কাজ হাতে নেওয়া দরকার। পাউবোর ঠিকাদার জিও ব্যাগে বালু ভরাচ্ছেন। তবে খুব ধীরে। চেয়ারম্যান এ কাজকে ‘এক বালতি পানির মধ্যে এক মুঠো বালু ফেলার মতো অবস্থা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ অস্থায়ী নয়, স্থায়ী কাজ চায়।
কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘জরুরি কাজের আওতায় ভাঙনকবলিত এলাকায় জিও টেক্সটাইল ও জিও ব্যাগ ফেলা হবে। ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। অর্থ বরাদ্দ পেলে স্থায়ী ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা যাবে।’