এল স্বস্তির বৃষ্টি

অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশে চলে এসেছে। তারই প্রভাবে গতকাল বুধবার থেকে বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টি চলবে আরও কয়েক দিন।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো হয়ে ওঠে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আকাশে মেঘের ঘনঘটা। সঙ্গে ঝমঝম বৃষ্টি আর ঠান্ডা বাতাস।
সকালবেলার বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন কর্মব্যস্ত মানুষ। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের বিপত্তিতে পড়তে হয়। তবে এর পরও সবার চোখেমুখে ছিল স্বস্তি। আরোহীকে উদ্দেশ করে এক রিকশাওয়ালাকে বলতে শোনা যায়, ‘আফা বৃষ্টিতে খুব মজা লাগতাছে।’
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, বৃষ্টির কারণে দেশের প্রায় সব জায়গায় তাপমাত্রা কমে এসেছে। প্রায় ১০ / ১২ দিনের অনাবৃষ্টির কারণে তাপপ্রবাহ শুরু হয়েছিল। গতকাল রাজধানী ঢাকাতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল ও আজকের বৃষ্টিতে অনেকটাই স্বস্তি মিলেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, মাদারীপুর, খাগড়াছড়িতে বেশি বৃষ্টি হচ্ছে। রাজশাহী, যশোর, খুলনা, মংলা এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন।
ঢাকাতে গতকাল মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়। আজ সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে
সিলেটে। সেখানে বৃষ্টির পরিমাণ ছিল ১৪৬ মিলিমিটার।