জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে কেবল যে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে তা-ই নয়, এর ফলে খাদ্যনিরাপত্তাও সংকটে পড়বে। কমে যাবে কৃষি উৎপাদন। বাড়বে মানুষের রোগ-শোক। এসব সমস্যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার সংস্থার (ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ-আইপিসিসি) পঞ্চম মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকার জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া কী কী সংকটে পড়তে পারে, কীভাবে সেগুলো মোকাবিলা করতে হবে, সেসব বিষয় তুলে ধরা হয়। আইপিসিসির প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রীর কাছে এই প্রতিবেদন ও তাঁদের সুপারিশ তুলে ধরবেন।
আইপিসিসি, বেসরকারি সংগঠন প্রকৃতি ও জীবন, ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্ক-সিডিকেএন, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নাকোম) ও লিড যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জলবায়ু পরিবর্তন নিয়ে ১৯৮৮ সাল থেকে কাজ করছে আইপিসিসি। সারা বিশ্বের সাড়ে আট শ বিজ্ঞানী এখানে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জলবায়ু পরিবর্তনের তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করে আইপিসিসি। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে আইপিসিসির পঞ্চম প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইপিসিসির যোগাযোগ ও গণমাধ্যমপ্রধান জোনাথন লিন এবং এবারের প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনবিষয়ক গবেষক জন চার্চ এবং বেসরকারি সংগঠন সিডিকেএনের বাংলাদেশপ্রধান মনজুরুল হান্নান খান।