ওসমানীনগরে বাঁধ ভেঙে ১৭ গ্রাম প্লাবিত
সিলেটের ওসমানীনগর উপজেলায় কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে ১৭টি গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে গিয়েছিল। এ কারণে বাঁধটি দুর্বল হওয়ায় গত সোমবার মধ্য রাতে এটি ভেঙে গিয়ে পানি ঢুকেছে।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানান, উপজেলার সুরিকোনা, ইসলামপুর, দক্ষিণ কালনী চর, উত্তর কালনী চর, পূর্ব কালনীচর, সুন্দিখলা, সম্মানপুর, মোকামপাড়া, রহমতপুর, চাতলপাড়, পূর্ব সুন্দিখলা, সাদিপুর, সৈয়দপুর, লামা তাজপুর, চরা তাজপুর, পূর্ব তাজপুর ও টুকরাগাঁও গ্রামের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে গিয়েছিল। তবে স্থানীয় ব্যক্তিরা বাঁধ ভেঙে গেছে বলে যে অভিযোগ করেছেন, সেটি খতিয়ে দেখা হবে।