মোরা গভীর নিম্নচাপ হয়ে রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মোরা এখন স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। চট্টগ্রাম ও কক্সবাজারকে ১০ নম্বর মহা বিপৎসংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (১৭ নম্বর) বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টার মধ্যে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ রাত নয়টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশেই অবস্থান করছে। এটি বড় ধরনের ঘূর্ণিঝড়, তাই আরও বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হবে। ঘূর্ণিঝড়-পূর্ববর্তী আবহাওয়ায় ফিরে যেতে আরও ১০-১২ ঘণ্টা লাগবে বলে উল্লেখ করেন তিনি।

ঘূর্ণিঝড় মোরার কারণে চট্টগ্রামে বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
ঘূর্ণিঝড় মোরার কারণে চট্টগ্রামে বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আতিকুর রহমান বেলা সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৪ দশমিক ৪ মিলিমিটার। মোরার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোরা আজ সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।

কক্সবাজারের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণকক্ষ থেকে সকাল আটটার দিকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ঝড়ে এসব এলাকায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছপালা।

ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে প্রচণ্ড ঝড় ও বাতাস বইছে। এতে ঘর থেকে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। ছবিটি চট্টগ্রাম নগরের রাণী রাসমনি ঘাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল
ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে প্রচণ্ড ঝড় ও বাতাস বইছে। এতে ঘর থেকে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। ছবিটি চট্টগ্রাম নগরের রাণী রাসমনি ঘাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল

সেন্ট মার্টিন দ্বীপের ইউপি সদস্য হাবিবুর রহমান খান বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ভোররাত চারটার পর থেকে সেন্ট মার্টিন লন্ডভন্ড হতে শুরু করে। ছয়টা নাগাদ সেন্ট মার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এর মধ্যে বেশি রয়েছে কাঁচা ঘর। আধা পাকা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ ঘরের চালা উড়ে গেছে। এ ছাড়া বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্র, হোটেলসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন, তাঁরা সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন।

বেলা একটার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজারে প্রাণ হারিয়েছেন তিনজন। এর মধ্যে দুজন গাছ চাপায় এবং একজন আতঙ্কে মারা গেছেন। গাছ চাপা পড়ে নিহত দুজন হলেন জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব ডোমখালীর রহমত উল্লাহ (৫০) এবং একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার সায়েরা খাতুন (৬০)। আর কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আতঙ্কে মারা গেছেন মরিয়ম বেগম (৫৫)।