কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ১০১ কিমি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের একটি সড়ক। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের একটি সড়ক। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের তোড়ে কক্সবাজারের পাঁচটি উপজেলায় প্রায় ১০১ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, জেলার কুতুবদিয়ায় ৩২ কিলোমিটার, পেকুয়ায় ৩৪, মহেশখালীতে ১৪, চকরিয়ায় ১২, সদর উপজেলায় ৭ ও টেকনাফে ২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৫টি ইউনিয়নের ৫৪টি উপসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক ভেঙে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ৬২ কোটি টাকার।
এলজিইডির কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে ভাঙা সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়ার আলীআকবরডেইল ইউনিয়নের এক কিলোমিটার দীর্ঘ তাবলেরচর সড়ক জোয়ারের তোড়ে ক্ষতবিক্ষত হয়েছে। উত্তর ধুরুং ইউনিয়নের ওয়াজ্যারপাড়া সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ ভেঙে গেছে। মনোহারখালী বেড়িবাঁধ সড়ক ও আজমকলোনি সড়কের অবস্থাও করুণ। বড়ঘোপ ইউপি-আলীআকবরডেইল ইউপি সংযোগ সড়কের দেড় কিলোমিটার সড়কের পিচের আস্তরণ উঠে গেছে। লেমশিখালীর মিয়ারাকাটা সড়ক, উত্তর ধুরুংয়ের মিরাখালী সড়ক ও ধুরুংবাজার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।
কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী মো. মহসিন প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই উপজেলার প্রায় ৩২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা সড়ক সংস্কারের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের কইড়াবাজার সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ ভেঙে গেছে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়কের একটি কালভার্টও ভেঙে গেছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, কইড়াবাজার সড়ক ছাড়াও ইউনিয়নের প্রিজম সাইক্লোন শেল্টার সড়ক, সোনালীবাজার সড়ক ও ঠান্ডারপাড়া সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।
পেকুয়া উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, এই উপজেলার প্রায় ৩৪ কিলোমিটার পাকা সড়ক ভেঙে গেছে। ভাঙা সড়ক সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকা দরকার।
জোয়ারের তোড়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ী-সাইলাতলী সড়কের প্রায় এক কিলোমিটার অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে মহেশখালী উপজেলা সদরের সঙ্গে দ্বীপ ইউনিয়ন মাতারবাড়ীর সড়ক যোগাযোগ তিন দিন ধরে বন্ধ।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ উল্লাহ বলেন, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় মাতারবাড়ীর প্রায় ২০ হাজার মানুষকে ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করতে হচ্ছে।