কক্সবাজারে পাঁচ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে টানা চার দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানি গতকাল বৃহস্পতিবার থেকে নামতে শুরু করেছে। বন্যার পানিতে ডুবে রামুতে দুই সহোদর ও উখিয়ায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। পানিতে ভেসে গিয়ে নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে গতকাল বিকেলে। এ ছাড়া গত বুধবার রাতে উখিয়ায় পাহাড়ধসে মারা গেছে এক শিশু।
পানি নেমে যাওয়ার পর এখন বাড়ছে মানুষের দুর্ভোগ। এখনো অনেক ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে আছে। এসব ঘরের লোকজন রান্নাবান্না করতে পারছে না। অনেকে অবস্থান করছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া চকরিয়ার আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের ওপর পলিথিনের ছাউনির অস্থায়ী ঘর তৈরি করে আশ্রয় নিয়েছে দুর্গত অন্তত তিন শ পরিবার। বন্যায় কক্সবাজারের চকরিয়া, কক্সবাজার সদর, রামু, পেকুয়া ও উখিয়া উপজেলা নিচু এলাকা তলিয়ে যায়।
বন্যার পানি সরে যাওয়ায় গতকাল সকাল থেকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে। পাহাড়ধসের মাটি সরিয়ে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের যানবাহন চলাচলও স্বাভাবিক করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন সরেজমিনে চকরিয়া, রামু ও ঈদগাঁও এলাকা ঘুরে এসে প্রথম আলোকে বলেন, জেলার দুই প্রধান নদী মাতামুহুরী ও বাঁকখালীর পানি কমতে শুরু করেছে। বন্যায় শতাধিক গ্রামের চার লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গত লোকজনের জন্য নগদ টাকাসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বরাবরে গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, মাতামুহুরী নদীর ও বাঁকখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রামু উপজেলার ১০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ৫০ এবং চকরিয়া উপজেলার ৩৫টি আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত লোক আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের জন্য চকরিয়া উপজেলায় ১ হাজার ৬০০ কেজি চিড়া ও ৫৬০ কেজি গুড় এবং কক্সবাজার সদর উপজেলায় শুকনো খাবার বিতরণের জন্য নগদ ১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চালইন্নাপাড়ায় গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় বন্যার পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা হলো মো. শাহিন (১০) ও মো. ফাহিম (৮)। তারা ওই এলাকার কামাল হোসেনের ছেলে।
ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, বন্যার পানিতে কামাল হোসেনের বাড়িটি ডুবে গেছে। ঘরে রান্নাবান্না করা যাচ্ছিল না। তাই বিকেলে দুই শিশুকে পাঠানো হচ্ছিল নানার বাড়িতে। এ সময় স্রোতের টানে দুজন ভেসে যায়। দেড় ঘন্টা পর স্থানীয় লোকজন শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।
উপজেলা পরিষদে চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, গতকাল পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় গত বুধবার রাত নয়টার দিকে পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শাহরিয়ার হোসেন (৬)। সে ওই ইউনিয়নের আঞ্জুমানপাড়ার সরওয়ার ইসলামের ছেলে।
পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বুধবার রাত নয়টার দিকে পাহাড় ধসে সরওয়ার ইসলামের টিনশেড ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের দেয়াল ভেঙে (চাপা পড়ে) শিশু শাহরিয়ারের মৃত্যু হয়েছে।
উপজেলার জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, বুধবার সন্ধ্যায় বন্যার পানিতে ভেসে যায় ইউনিয়নের উত্তর সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে ছমিরা আকতার (১৪)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাইছড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে উত্তর সোনাইছড়ি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
এ ছাড়া বুধবার সন্ধ্যায় বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্নাপালং গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে ইতুন বড়ুয়া (১৩)। গতকাল বিকেলে তার লাশ উদ্ধার করা হয় রেজু খালের চৌধুরী পাড়া এলাকা থেকে। সে খালার বাড়ি যাওয়ার সময় চৌধুরী পাড়ায় পানিতে ভেসে যায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম। ইতুন স্থানীয় পালং আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পাঁচটি ইউনিয়নের পানিবন্দী ৩০টি গ্রামের ১২টি থেকে গতকাল পানি সরে গেলেও ১৮টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ এখনো পানিবন্দী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানিতে ডুবে থাকা ঘরবাড়ির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।
কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, চৌফলদন্ডি, খুরুশকুল, জালালাবাদ, পোকখালী ইউনিয়নের ৪৫টি গ্রাম ডুবে আছে। গত মঙ্গলবার সকালে সদরের ঈদগাঁও নদীর স্রোতে ভেসে উম্মে সালমা নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল।
চকরিয়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে কিছু্ এলাকায় এখনো পানি আছে। এর মধ্যে অন্যতম বিএমচর ইউনিয়ন। ওই ইউনিয়নের খঞ্জনাপাড়ায় এখনো কোমরসমান পানি। এলাকার বেশির ভাগ মানুষ পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের ওপর। তাঁরা সেখানে পলিথিনের ছাউনি দিয়ে তৈরি করেছেন অস্থায়ী ঘর। এভাবে কোনাখালী থেকে ঈদমনি পর্যন্ত চার কিলোমিটার মহাসড়কে অন্তত তিন শত পরিবার পলিথিনের ছাউনি দিয়ে গরু-ছাগল ও পরিবার পরিজন নিয়ে অবস্থান করছেন। বসতঘর থেকে পানি নেমে গেলে তাঁরা ঘরমুখী হবেন। তবে অনেকের ঘর বিধ্বস্ত হয়েছে।
খঞ্জনাপাড়ার বাসিন্দা আবদুল মালেক বলেন, গত সোমবার তাঁর বসতঘরটি পাহাড়ি ঢলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। পরে স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছেন এবিসি মহাসড়কের ওপর। তাঁর অভিযোগ, গত সোমবার সন্ধ্যা থেকে সড়কের ওপর অবস্থান করছেন। তখন থেকে কেউ তাঁদের খোঁজ নিতে যাননি। ত্রাণও দেননি।
বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দুইটি গ্রাম থেকে পানি সরে গেছে। তবে আরও ১৩টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের ঘরবাড়ি পানির নিচে। তবে সরকারিভাবে দেওয়া ত্রাণ অপর্যাপ্ত বলে জানান চেয়ারম্যান।
বান্দরবান জেলা শহরেও গতকাল বৃহস্পতিবার বন্যার পানি নামতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলো বাসাবাড়িতে ফিরতে শুরু করেছে। এদিকে শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে গতকালও ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া ও নদী তীরের শতাধিক পরিবার ছিল।
বান্দরবান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা বলেছেন বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া তিনটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। শনিবার থেকে শ্রেণি কার্যক্রম চলবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী আকবর বলেন, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। সাতটি উপজেলার মধ্যে ছয়টিতে ৫ টন ও লামায় ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দে চালের পরিবর্তে গম দেওয়ার জন্য খাদ্য বিভাগ থেকে বলা হয়েছিল। কিন্তু চালই বরাদ্দ দেওয়া হবে।
(প্রতিবেদন তৈরি করেছেন, নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, বান্দরবান, চকরিয়া ও টেকনাফ প্রতিনিধি)