কক্সবাজারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে ৪০টি গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ারের পানি ঢুকে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকা প্লাবিত হয়। যুব রেড ক্রিসেন্টের কক্সবাজার ইউনিটের একটি দল ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে। ছবিটি গতকাল বিকেল চারটার দিকে তোলা l প্রথম আলো
জোয়ারের পানি ঢুকে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকা প্লাবিত হয়। যুব রেড ক্রিসেন্টের কক্সবাজার ইউনিটের একটি দল ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে। ছবিটি গতকাল বিকেল চারটার দিকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজারের সাগর উপকূল প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় পাঁচ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৪০ গ্রামের কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো মানুষ।

পাউবোর সূত্রে জানা যায়, জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও কক্সবাজার সদর উপজেলায় পাউবোর ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে টেকনাফে শাহপরীর দ্বীপে আড়াই কিলোমিটার, মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে দেড় কিলোমিটার, মাতারবাড়ি ইউনিয়নে ১০০ মিটার, কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে ৮০ মিটারসহ পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণভাবে ভাঙা অবস্থায় রয়েছে। এ ছাড়া পেকুয়া, কুতুবদিয়া উপজেলায় আরও সাত কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে এসব অর্ধভাঙা ও নড়বড়ে বেড়িবাঁধ বিলীন হতে পারে।

পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে গতকাল সকাল থেকে বঙ্গোপসাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। বিশেষ করে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গতকাল কয়েকটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আরও বেড়িবাঁধ বিলীন হলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বাড়বে। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শাহপরীর দ্বীপের পশ্চিম অংশের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানিতে সয়লাব হয়েছে আটটির বেশি গ্রাম। আড়াই বছর ধরে এখানে কোনো প্রতিরক্ষা বেড়িবাঁধ নেই। এ এলাকায় ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকার গত বছর ১০৬ কোটি টাকা বরাদ্দ দিলেও এ পর্যন্ত কাজ শুরু হয়নি। অন্যদিকে জোয়ারের ধাক্কায় উপজেলার খুরেরমুখ, সাবরাং, আছারবনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় আরও কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। এতে উপকূলের হাজারো মানুষ উদ্বিগ্ন।

শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, গতকাল দুপুরে জোয়ারের ধাক্কায় দ্বীপের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়ার শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে লোকজনের দুর্ভোগ বেড়েছে।

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, গতকালের জোয়ারের প্লাবনে এই ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ার-ভাটা চলছে। নিম্নমানের (বালুর বাঁধ) কাজ করায় বেড়িবাঁধ টেকসই হচ্ছে না।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ভাঙা বেড়িবাঁধ নিয়ে উপকূলের লাখো মানুষ আতঙ্কে আছেন। ঘূর্ণিঝড় ‘মোরা’ এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। তবে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে আনা হয়েছে।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রমতে, এ মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে জেলায় ২৪টি উপকূলীয় ইউনিয়নকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্ট মার্টিন, বাহারছড়া, কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী, পোকখালী ও খুরুশকুল, কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, মহেশখালী উপজেলার ধলঘাটা, কুতুবজোম, মাতারবাড়ি, কুতুবদিয়া উপজেলার আলীআকবরডেইল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, পেকুয়া উপজেলার মগনামা, রাজাখালী ও উজানটিয়া।

মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শুধু এই মগনামা ইউনিয়নে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। তখন বেড়িবাঁধের পাশে সবুজ ঘন প্যারাবনও ছিল। এখন ঘূর্ণিঝড় মোরা আঘাত হানলে ইউনিয়নের ২০ হাজার মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কারণ, এখন বেড়িবাঁধের দুরবস্থা। নেই প্যারাবনও।