কচুরিপানা, আবর্জনায় খালের প্রাণ যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের ছাতড়া খালের ভেতরে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া আছে কচুরিপানার উপদ্রব। সম্প্রতি পোদ্দারপাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের ছাতড়া খালের ভেতরে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া আছে কচুরিপানার উপদ্রব। সম্প্রতি পোদ্দারপাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো

খালের ভেতরে কচুরিপানা ঠাসা। মাঝেমধ্যে মাটির স্তূপ। অনেক জায়গায় ময়লা-আবর্জনার জঞ্জাল। খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে কাঁচা-পাকা স্থাপনা। এভাবে পানিপ্রবাহের জায়গা সংকুচিত হয়ে গেছে। এককথায় দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে খালটি।
এ চিত্র নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের ছাতড়া খালের। দক্ষিণে নবগঙ্গা নদী থেকে শুরু হয়ে উত্তরে কন্যাদহ খাল হয়ে মধুমতী নদীর সঙ্গে মিশেছে খালটি। পশ্চিমে নড়াইল জেলার সর্ববৃহৎ ইছামতী বিল, বরইভিটা-হাগড়াভিটা খাল ও ধোপাদহ খালের সঙ্গে মিশেছে। পূর্ব-উত্তর কোণে মিশেছে মোচড়া খাল ও মোচড়া বিলের সঙ্গে।
সদ্য বদলি হওয়া লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০-২৫০ ফুট প্রস্থের এ খালটি লোহাগড়া উপজেলার পানিপ্রবাহে হৃৎপিণ্ডের মতো কাজ করছে। এটি দুটি নদী, দুটি বৃহৎ বিল ও চারটি খালের সঙ্গে সংযুক্ত। খালের দুই পাড়ে রয়েছে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। খালটির উন্নয়ন করে লোহাগড়াবাসীর জলাধার হিসেবে এটিকে ব্যবহার করা জরুরি।
খালপাড়ের বাসিন্দা লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামান বলেন, ৫০ ও ৬০-এর দশকে খরস্রোতা এ খালকে নদী মনে হতো। নদী, বিল ও কয়েকটি শাখা খালের সঙ্গে সংযুক্ত হওয়ায় নৌপথে পরিবহন অনেক সহজ ছিল। এ কারণে তখন খালপাড়ে গড়ে ওঠে লোহাগড়ার অভিজাত পরিবারগুলোর বসতি। পাড়ে গড়ে ওঠে লোহাগড়া বাজার ও লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়। তখন এ খালে একবার সুতিজাল টানলে এক নৌকা মাছ পাওয়া যেত। তিনি বলেন, উন্নয়ন করে খালটিকে ঢাকার হাতিরঝিল বা ধানমন্ডি লেকের মতো করা যেতে পারে।
সরেজমিনে দেখা গেছে, খালটির পাড় দিয়ে চলাচলের সুযোগ নেই। উভয় পাড় ঘেঁষে এবং কেউ কেউ খালের ভেতরে কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করেছেন। খালের প্রায় মাঝখান পর্যন্ত মাটির স্তূপ করে চাষাবাদ করা হচ্ছে। কচুরিপানায় প্রায় পুরো খাল ঠাসা। উভয় পাড়ের বাসিন্দাদের ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। অনেক বাড়ির শৌচাগার ও নালার সংযোগও দেওয়া হয়েছে এ খালে।
কয়েকজন বাসিন্দা বলেন, এ খাল থেকে দিন দিন দুর্গন্ধ বাড়ছে। বাড়ছে মশা-মাছির উৎপাত। বর্ষাকালে মরা মাছে খাল ভরে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে খালটি। তবে খাল পাড় ও খালের ভেতরে কাঁচা-পাকা স্থাপনা গড়ে তোলা কয়েকজনের দাবি, নিজের মালিকানাধীন জমিতেই তাঁরা এসব স্থাপনা গড়ে তুলেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বলেন, খালটি দখল ও দূষণ থেকে মুক্ত করতে পারলে লাখ লাখ টাকার মাছ পাওয়া যেত। উপজেলার মাছের চাহিদা মেটানো যেত। বিষয়টি নিয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী খালে অবৈধ স্থাপনা থাকলে তা চিহ্নিত করে উচ্ছেদ করা হবে।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আল জহির বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খালটির উন্নয়নে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’