
খেতটির ধান পাকতে শুরু করেছে। রোজ দুবেলা করে শ তিনেক টিয়া ঝাঁক বেঁধে এসে ধানের শিষ কেটে ঠোঁটে-পায়ে ধরে উড়ে যাচ্ছে, ফিরেও আসে খানিক বাদে। গ্রামের এক বালক গুলতি ছুড়ে সদ্য উড়তে শেখা একটি ছানাকে ঘায়েল করল। টিয়ারা খেপে গিয়ে ছেলেটির কান-ঘাড়-মুখ-পিঠ ছুরির মতো ধারালো ঠোঁটে ও বড়শির মতো নখরে জখম করল।
ওই টিয়াগুলোর তখন চলছিল ডিম-ছানা তোলার মৌসুম। গ্রামের একটি পরিত্যক্ত সরকারি দিঘির পাড়ের সারি সারি জীবিত ও মরা নারকেলগাছের কোটরে ছিল ওদের ডিম-ছানা। এসব কোটরের বাসা থেকে টিয়ার ছানা নেওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকত। তবে খোঁড়লে হাত ঢুকিয়ে দিয়ে ছানা আনতে সবাই সাহস করত না। কথা-বলা পাখি হিসেবে ময়নার পরেই বাংলাদেশে এটি সবচেয়ে প্রিয় পাখি।
দুঃসাহসী-সুন্দর ও সবার চেনাজানা পাখিটার নাম টিয়া। আছে সারা বাংলাদেশে। ধান-গম-সূর্যমুখী ফুলের পাপড়ি ঠোঁট-পায়ে ধরে যখন ঝাঁক বেঁধে ওড়ে, তখন নান্দনিক-সবুজ সৌন্দর্য যেন আঁকা হতে থাকে আকাশে। এদের বাসা বাঁধার মৌসুম শীত থেকে বর্ষা পর্যন্ত। ডিম পাড়ে ৪-৬টি। ডিম ফুটে ছানা হয় ২০-২৭ দিনে। কয় বছর ধরে ঢাকা শহরে সবচেয়ে বড় ও দুর্লভ টিয়া চন্দনার ঝাঁক দেখা যাচ্ছে।
সাধারণত ছোট দলে চলে। দলে বড় হয় শস্যখেতে হামলে পড়ার সময় ও বাসা বাঁধার সময়। সবুজ এই পাখিটির ঠোঁট আলতা-লাল। পা ধূসর। লেজটিতে নীল-সবুজ ও হলুদ রঙের মিশ্রণ। পুরুষের গলায় সরু একটা গোলাপি-নীলচে মালা পরানো। ওড়ে দ্রুতবেগে।
টিয়ার ইংরেজি নাম Rose-ringed parakeet. বৈজ্ঞানিক নাম psittacula krameri. দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার। ওজন ১৩০ গ্রাম।