কপ-২০: যে তিন প্রশ্নে আলোচনা থমকে আছে
পেরুর রাজধানী লিমার জলবায়ু সম্মেলনে আলোচনা থমকে আছে তিনটি প্রশ্নে। প্রশ্ন তিনটি হলো: জাতিসংঘভুক্ত প্রতিটি দেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা নির্ণয়, জলবায়ু সংকট এড়াতে উন্নয়নশীল দেশগুলোতে অভিযোজন খাতে অর্থায়নের নিশ্চয়তা ও প্যারিসে কপ-২১ সম্মেলনে যে চূড়ান্ত চুক্তি সম্পাদিত হওয়ার কথা, তার আইনগত বাধ্যবাধকতা।
এ সম্মেলনে যে ১৯৬টি দেশ অংশগ্রহণ করছে, তারা সবাই একটি সর্বসম্মত চুক্তি অনুমোদনে আগ্রহী। তবে এ মুহূর্তে কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণে আইনগত বাধ্যবাধকতা আনার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ অনেক দেশ অনাগ্রহী। যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন এ রকম একটি আন্তর্জাতিক চুক্তি রিপাবলিকাননিয়ন্ত্রিত কংগ্রেসে অনুমোদন করাতে পারার ব্যাপারে খুব আস্থাশীল নয়। অন্যদিকে চীন মনে করে, নিঃসরণ মাত্রা অর্জনের জন্য যে কারিগরি অবকাঠামো প্রয়োজন, অধিকাংশ উন্নয়নশীল দেশের তা নেই। এ সমস্যা কাটিয়ে ওঠা ও নির্ধারিত সময়ে চুক্তিটি অনুমোদনের জন্য নতুন প্রস্তাব করা হয়েছে। সেটি হলো, সুনির্দিষ্ট মাত্রা নির্ধারণের বদলে সব দেশ নিজের ক্ষমতা অনুযায়ী নিঃসরণ মাত্রা নির্ধারণ করবে। যারা লিমা সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে একটি কার্যকর ও অর্থপূর্ণ জলবায়ু চুক্তি আশা করেছিলেন, এ প্রস্তাবে তাঁরা হতাশা ব্যক্ত করেছেন।
সম্মেলন সচিবালয় থেকে অবশ্য একটি ভিন্ন যুক্তি উপস্থিত করা হয়েছে। ১৯৯৭ সালে স্বাক্ষরিত কিয়োটো প্রটোকল অনুযায়ী শুধু উন্নত দেশগুলো নিঃসরণ হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। লিমা সম্মেলনে যে সংশোধিত খসড়া আলোচনার জন্য তোলা হয়েছে, তাতে উন্নত ও উন্নয়নশীল সব দেশের জন্যই নিঃসরণ মাত্রা নির্ধারণের কথা বলা হয়েছে। কোন দেশ কী পরিমাণ নিঃসরণ মাত্রা ঠিক করবে, আগামী বছরের জুন মাসের মধ্যে তাদের সে ঘোষণা দেওয়ার কথা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার ব্যাপারে নীতিগত সম্মতি থাকলেও ঐচ্ছিক নিঃসরণ প্রস্তাবের মাধ্যমে সে লক্ষ্যমাত্রা অর্জন কার্যত অসম্ভব বলে বিশেষজ্ঞদের ধারণা। তা সত্ত্বেও জাতিসংঘ এ মুহূর্তে সমঝোতার জন্য আইনগতভাবে বাধ্যবাধকতার বদলে এটিকে ঐচ্ছিক করে দিতে আগ্রহী। উন্নত ও উন্নয়নশীল সব দেশকে যদি নিঃসরণে সম্মত করা যায়, জাতিসংঘ তাকেই একটি সাফল্য হিসেবে বিবেচনা করবে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সেদিকেই ইঙ্গিত করে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে দর-কষাকষির বদলে একটি সর্বসম্মত চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছেন।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একটি নির্ধারিত নিঃসরণ মাত্রায় সম্মত করা যে প্রায় একটি অসম্ভব ব্যাপার, মার্কিন প্রতিনিধিদলের নেতা টড স্টার্ন সে কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘এটা হয়তো তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবে নয়।’
উন্নয়নশীল দেশগুলো অনেক আগে থেকেই বলে আসছে, বৈশ্বিক উষ্ণতার জন্য তাদের দায়ভার সামান্যই। অথচ এর জন্য ভুগবে তারাই বেশি। সে কারণে তাদের দাবি, উন্নত বিশ্বকে যেমন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, তেমনি অভিযোজন খাতে পর্যাপ্ত অর্থ দিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অবশ্য দাবি করে আসছে, চীন, ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোও বৈশ্বিক উষ্ণতার জন্য তাদের দায়দায়িত্ব অস্বীকার করতে পারে না।
অভিযোজন খাতে অর্থায়নের প্রশ্ন নিয়েও দর-কষাকষি অব্যাহত রয়েছে। ২০০৯ সালের কোপেনহেগেন চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলো অভিযোজনে ২০২০ সাল নাগাদ বার্ষিক ১০০ বিলিয়ন ডলার জোগাতে সম্মত হয়েছিল। কিন্তু নতুন যে হিসাব জাতিসংঘ উপস্থিত করেছে, তাতে দেখা যাচ্ছে, এ জন্য বহু গুণ বেশি অর্থের প্রয়োজন পড়বে। লিমা সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো দাবি করেছে, খসড়া চুক্তিপত্রে শুধু নিঃসরণ মাত্রা হ্রাসের শর্ত থাকলেই চলবে না, ইতিমধ্যে প্রতিশ্রুত অর্থ সাহায্যের বাইরে নতুন সাহায্যের অঙ্কও উল্লেখ রাখতে হবে।
এদিকে মূল সম্মেলনে অংশগ্রহণকারী সরকারি প্রতিনিধিদের ওপর চাপ অব্যাহত রাখতে লিমায় সুশীল সমাজভুক্ত বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি বিকল্প ‘জনতার শীর্ষ বৈঠক’ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিনিধি এ বিকল্প সম্মেলনে অংশ নিচ্ছে। এর উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকটের প্রধান কারণ চলমান ধনতান্ত্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা।