কমলগঞ্জে ৬টি বাড়ি নদীতে বিলীন
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খরস্রোতা হয়ে উঠা ধলাই নদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈন্যগঞ্জ গ্রামের ছয়টি বাড়ি বিলীন হয়েছে। গতকাল রোববার বাড়িগুলো বিলীন হয়। বাড়িহারা ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি পরিবার ধলাই প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় প্রবল বর্ষণে নদীর পানি বাড়তে থাকে। সেই সঙ্গে পাহাড়ি ঢলে খরস্রোতা হয়ে ওঠে নদ। গত শুক্রবার বাঁধের দক্ষিণ প্রান্তের প্রায় আধা কিলোমিটারে ফাটল দেখা দেয়। গতকাল সকাল থেকে শুরু হওয়া ভাঙনে গ্রামের সুরুজ মিয়ার বসতঘরসহ সাড়ে ৫ কিয়ার (১৬৫ শতক) জমি এবং আকলুছ মিয়া, খয়তুন বিবি, মধু মিয়া, মিছির মিয়া ও মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাসের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। নিরঞ্জন দাস তাঁর বসতভিটার অবশিষ্ট অংশে আশ্রয় নিলেও বািক পাঁচজন প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নেন।
নিরঞ্জন দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ বছর ধরে নদটি ভাঙছে। এতে গ্রামের মুচি সম্প্রদায়ের বাড়িঘরসহ শতাধিক বাড়ি নদে বিলীন হয়েছে। তিনি আরও বলেন, এবারও ভাঙন শুরু হলে গত শুক্রবার থেকে লোকজন যতটা েপরেছেন বাড়িঘর ও মালামাল সরিয়ে নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নদীভাঙনের তথ্য নিশ্চিত করে বলেন, এদিকে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এসব এলাকাসহ ধলাই প্রতিরক্ষা বাঁধের ৫৫ কিলোমিটার অংশ মেরামতের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে।