কমে আসছে তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কয়েকটি স্থানে শুক্রবার সন্ধ্যার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় গন্তব্যে যেতে অনেকে বেকায়দায় পড়েন। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর কয়েকটি স্থানে শুক্রবার সন্ধ্যার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় গন্তব্যে যেতে অনেকে বেকায়দায় পড়েন। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

দাবদাহের প্রভাব কাটতে শুরু করেছে। এ জন্য কমতে শুরু করেছে তাপমাত্রা। বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিভাগীয় সব শহরে এক দিনের ব্যবধানে আজ শুক্রবার তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা গতকাল বৃহস্পতিবার ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে আজ হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় খুলনার তাপমাত্রা ৩৭ দশমিক ৭ থেকে কমে হয়েছে ৩৬ দশমিক ৪, বরিশালে ৩৬ দশমিক ২ থেকে ৩৬, রাজশাহীতে ৩৭ থেকে কমে ৩৫ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ২ থেকে ৩০ দশমিক ৩, চট্টগ্রামে ৩৫ দশমিক ৮, সিলেটে ৩৪ দশমিক ৮ থেকে ৩১ দশমিক ৪ এবং ময়মনসিংহে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টিতে বিড়ম্বনায় পড়লেও স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। ছবিটি কাওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টিতে বিড়ম্বনায় পড়লেও স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। ছবিটি কাওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

তাপমাত্রা কমার কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকার আশপাশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ কারণে গরম কমেছে। দুই-এক দিনের মধ্যে ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রথম আলোর যশোর অফিস জানায়, আজ বিকেলে জেলার বেশ কিছু এলাকায় ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হয়েছে।

বৃষ্টি হয়েছে রংপুর বিভাগের অনেক এলাকায়। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় রংপুরে ১৪, ডিমলায় ১৮, সৈয়দপুরে ৬, সিলেটে ১ ও শ্রীমঙ্গলে ৪ মিলিমিটার বৃষ্টির তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।