কমে আসছে শীত
সকালে আজ আকাশে সূর্যের দেখা মেলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের গোমড়া ভাব কাটতে শুরু করে। বেলা সোয়া ১১টার দিকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে আসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শীতের দাপট সারা দেশেই কমে এসেছে। অবশ্য তা খুব বেশি মাত্রায় নয়।
সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবার ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল ঈশ্বরদীতে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
দেশের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।