কমে যাচ্ছে খরগোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খরগোশ—তেঁতুলিয়া থেকে খুব সকালে তোলা ছবি l ওমর শাহাদাত
খরগোশ—তেঁতুলিয়া থেকে খুব সকালে তোলা ছবি l ওমর শাহাদাত

খুব সকাল। শিশিরে ভেজা ঘাস। আখখেতের পাশে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হয়তো একটি শেখ ফরিদ পাখির দেখা পাব, নয়তো একটি খরগোশ। খরগোশ নিশাচর প্রাণী। তবু তেঁতুলিয়ার খেত-খামারে, চা-বাগানের ঘাসের ঝোপে অনেকবার দেখেছি। শেষ বিকেলে কোনো দিন, আবার কোনো দিন শীতের সকালে রোদ পোহানোর সময়। তবে কখনোই ভালো ছবি তুলতে পারিনি। আলোকচিত্রী ওমর শাহাদাত সেটি পেরেছেন সম্প্রতি।
খরগোশ আমাদের খুবই চেনা প্রাণী। একসময় বাংলাদেশের সব গ্রামেই দেখা যেত। ঝোপঝাড় বিনষ্ট হওয়া, কৃষিজমিতে পরিবর্তন, নতুন নতুন আবাস স্থাপন, শিকারির অত্যাচার ইত্যাদি কারণে খরগোশের সংখ্যা খুবই কমে গেছে এবং কিছু কিছু জেলায় ন্যূনতম আবাসে আবদ্ধ হয়ে পড়েছে। ম্যানগ্রোভ বনে খরগোশ নেই এমন তথ্য পেয়েছি।
প্রাকৃতিক বনভূমি বাদে খরগোশ বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু জেলা, সিলেট এলাকায় ও পাহাড়ি এলাকায় মোটামুটি সংখ্যায় ভালো আছে। অনেক গ্রামের মানুষই খরগোশের মাংস খায়। উত্তরবঙ্গের সাঁওতাল আদিবাসীরা নিয়মিত খরগোশ শিকার করে।
খরগোশ খুবই লাজুক ও সতর্ক প্রাণী। সামান্য শব্দ পেলেই প্রথমে কান খাড়া করে দাঁড়িয়ে থাকে, তবে বিপদের ধরন বুঝে দ্রুত ঝোপের আড়ালে পালিয়ে যায়। সন্ধ্যার পর সাধারণত খাবার খেতে বের হয়। খুব দ্রুত লাফিয়ে চলতে পারে। খরগোশের ইংরেজি নাম Indian Hare, Rufou-tailed Hare, Blacknapped Hare।
প্রাকৃতিক বনের বাইরের বসতিতে সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আইইউসিএন এটিকে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। বাংলাদেশ বাদে ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কায় পাওয়া যায়। মরিশাস ও সিসিলে দ্বীপে এটিকে নেওয়া হয়েছে।
খরগোশ বা শশকের পা লম্বা, পেছনের পা জোড়া তুলনামূলকভাবে দীর্ঘতর। চোখ বড়, কান লম্বা, লেজ ছোট। গায়ের রং ধূসর ও বাদামিতে মেশানো, কখনো তাতে কালচে ছোপ থাকে। পা ও বুক হলদেটে। মাথাসহ দেহের দৈর্ঘ্য প্রায় ৫০ সেন্টিমিটার। কান ১৩ সেন্টিমিটার। স্ত্রীর তুলনায় পুরুষটি বড় হয়। সাধারণত একা থাকে, ছোট দলেও বাস করতে পারে। সবজিভোজী। ঘাস ও নানান উদ্ভিদের কচি পাতা খায়।
খরগোশের শত্রু হচ্ছে মানুষ, শিয়াল, বেজি, বনবিড়াল, নেড়ি কুকুর। পালানোর সময় এরা শিয়ালের গর্ত বা অনুরূপ গর্তে আশ্রয় নেয়। অক্টোবর-নভেম্বর মাসে স্ত্রী খরগোশ একটি থেকে চারটি বাচ্চা দেয়। ছানারা মায়ের দুধ পান করে এবং দিনের বেলায় ঘাসবনে লুকিয়ে থাকে। খরগোশের বৈজ্ঞানিক নাম Lepus nigricollis। ব্রিটিশ বাংলায় অন্য একটি প্রজাতির খরগোশ (কালো খরগোশ) পাওয়ার তথ্য আছে। তবে ১৯১২ সালের পর সেটি আর দেখা যায় না। ধারণা করা হয়, গারো পাহাড়ের দিকে এটি টিকে থাকতে পারে।