
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে হাজারো মানুষ। বহু শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢোকায় বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানীয় জল ও খাবারের-সংকট। এখনো ত্রাণসহায়তা পায়নি অনেক এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।
গত দুই দিন ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে চুলাও জ্বালাতে পারেনি। উপজেলার রায়পুর, জুঁইদণ্ডী, বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের ১২টি গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা করছে। অন্যদিকে আনোয়ারা সদর, পরৈকোড়া, হাইলধর, বৈরাগ, বারশত, বটতলী ও চাতরী ইউনিয়নের ২৩টি গ্রামে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব গ্রাম থেকে এখনো পানি সরেনি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)গৌতম বাড়ৈ বলেন, আনোয়ারায় জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো ত্রাণসহায়তা পাওয়া যায়নি।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচটি ইউনিয়নের ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকায় এবং ডলু, হাঙ্গর ও শঙ্খ নদের পানি বেড়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও পৌরসভার পাঁচটি ওয়ার্ডে। এ ছাড়া কেরানীহাট-বান্দরবান সড়কের বড়দুয়ারা এবং সাতকানিয়া-বাঁশখালী সড়কের উপজেলা হাসপাতাল, মহিলা কলেজ ও আনুফকির দোকান এলাকা এখনো পানিতে ডুবে আছে। এতে ওই সড়ক দুটিতে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

সাতকানিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ বলেন, শঙ্খ নদের পানি বেড়ে যাওয়ায় তিন শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। হালদার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হওয়া ৫০টি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার পানি কমতে শুরু করেছে। তবে ত্রাণ পাননি দুর্গত লোকজন।
প্রাকৃতিক দুর্যোগ মনিটরিং সেলের প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলাজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে চেয়েছি।’
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া, পুঁইছড়ি শেখের খিল, চাম্বল, শীলকূপ, পুকুরিয়া ইউনিয়নের ইউনিয়নের ২২টি গ্রামের পানি এখনো নামেনি। অন্যদিকে সাধনপুর, বৈলছড়ি কালিপুর, সরল, খানখানাবাদ, বাহারছড়া এবং কাথারিয়া ইউনিয়নের ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও শঙ্খের শাখা খাল জলকদরের পানি বাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাঁশখালীর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি বলেন, ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। পূর্ণাঙ্গ হিসাব পেলে ত্রাণ বিতরণ করা হবে।
গত তিন দিনের টানা বর্ষণ, কাপ্তাই রক্ষা বাঁধের পানি ও জোয়ারে চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল, চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ, পশ্চিম গোমদণ্ডী, পূর্ব গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, পোপাদিয়া, চরখিজিরপুর, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া এলাকায় জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে নদী তীরবর্তী কয়েক শ বসতঘর হুমকির মুখে পড়েছে। জোয়ারের সময় কর্ণফুলী নদীর পানি অতিরিক্ত বেড়ে গেলে এসব পরিবারের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বপন কুমার বড়ুয়া বলেন, চরণদ্বীপের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনের ফলে বেশ কিছু ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া, মরিয়ম নগর, পারুয়া ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নয়টি গ্রাম এখনো পানিতে ডুবে আছে। কর্ণফুলী ও ইছামতি নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছে তিন শরও বেশি পরিবার।
রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, উপজেলার বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি। সে কারণে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু হয়নি।
রাউজানের সাতটি ইউনিয়নের শতাধিক গ্রাম এখনো প্লাবিত রয়েছে। হালদা ও কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে আট ফুট বেড়েছে। এতে তলিয়ে গেছে ধানখেত, বীজতলা, পুকুর ও বসতভিটা। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। ডুবে গেছে অর্ধশতাধিক গ্রামীণ সড়ক। রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন বলেন, ‘বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’
অতিবৃষ্টির কারণে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ও হাতিয়া উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে এসব এলাকার বেশির ভাগ গ্রামীণ রাস্তাঘাট। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় রাস্তাঘাট এবং বিদ্যালয়ের আঙিনাও ডুবে গেছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে গেলেও বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলার বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজিপুর, গণিপুর, কলেজ রোড, করিমপুর এলাকা ঘুরে দেখা যায়, এলাকার অনেক রাস্তাঘাটে পানি উঠেছে। স্থানীয় বাসিন্দারা সড়কের পানি মাড়িয়ে অনেক কষ্টে যাতায়াত করছে।
একই পরিস্থিতি বিরাজ করছে জেলার সেনবাগ ও দ্বীপ উপজেলা হাতিয়ায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সহকারী কমিশনার এ বি এম মশিউজ্জামান প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে জেলার সব উপজেলাতেই কমবেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাতিয়ার পরিস্থিতি একটু বেশি খারাপ। তবে এখনো পরিস্থিতি ক্ষতির পর্যায়ে যায়নি।
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দাগনভূঞার সিন্দুরপর ইউনিয়নের পাঁচটি গ্রামের পানি বেড়েছে। ফুলগাজী ও ছাগলনাইয়ার কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দাগনভূঞায় দুটি প্রাথমিক বিদ্যালয় বন্যার্ত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হলেও একটি ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। একটি অশ্রয়কেন্দ্রে প্রায় ৫০টি পরিবার ঠাঁই নিয়েছে। তিনটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা জানান, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ ও সোনাগাজী সদর ইউনিয়নে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপকূলীয় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, জোয়ার ও বৃষ্টির পানির চাপে ভেঙে যাওয়া সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জোয়ার ও বৃষ্টির পানিতে জানমালের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।