
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাউয়াদীঘি ও হাইল হাওরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রায় দেড় হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে আরও ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন মৌলভীবাজারে টানা ও ভারী বর্ষণ হয়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলে নেমেছে। এ কারণে কাউয়াদীঘি ও হাইল হাওরের পানি বেড়ে নতুন করে বোরো ফসল তলিয়ে গেছে। চলতি মাসের প্রথম দিকের আকস্মিক বন্যায় এই দুটি হাওরের ব্যাপক এলাকার বোরো ধানখেত তলিয়ে যায়। পরে পানি কমে গেলে অনেক জমির ধান ভেসে ওঠে। কৃষি বিভাগ ভেসে ওঠা ধানকে আংশিক ক্ষতিগ্রস্ত ধরেছিল। কৃষক ও কৃষি বিভাগের ধারণা, ভেসে ওঠা ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেখান থেকে কৃষকেরা ঘরে ফসল তুলতে পারবেন। কিন্তু এই ভেসে ওঠা ধানসহ নতুন এলাকা আবার প্লাবিত হওয়ায় সেই সম্ভাবনা কমে গেছে।
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে নতুন করে ৬২০ হেক্টর বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর আগে প্রথমবারের আকস্মিক বন্যায় সম্পূর্ণ ১৫০ হেক্টর এবং আংশিক ১ হাজার ৪৭ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন গতকাল সোমবার বলেন, ‘আমি আজ (গতকাল) হাওরে গিয়েছিলাম। হাওর এলাকার ভুনবীর, মীর্জাপুর, শ্রীমঙ্গল ও কালাপুর ইউনিয়নে ধান পানিতে তলিয়ে যেতে দেখেছি।’
রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মিহির কান্তি দাস বলেন, ‘বৃষ্টিতে হাওরে অন্তত দুই হাত পানি বাড়ছে।’
রাজনগর উপজেলায় কাউয়াদীঘি হাওরে নতুন করে ৬২৩ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এ ফসলের অধিকাংশই গত আকস্মিক বন্যার সময় তলিয়ে গিয়েছিল। পরে পানি কমলে তা ভেসে ওঠে। এখন আগে ক্ষতিগ্রস্ত ধানের সঙ্গে নতুন ধানও ডুবছে। গত বন্যায় রাজনগর উপজেলায় ৮৫০ হেক্টর সম্পূর্ণ এবং ১ হাজার ১০০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মৌলভীবাজার সদর উপজেলায় কাউয়াদীঘি হাওরে নতুন করে ১৬০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আগের আকস্মিক বন্যায় সদর উপজেলায় ২৫০ হেক্টর সম্পূর্ণ এবং ৭০০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত বলেন, গত চার দিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কাউয়াদীঘি ও হাইল হাওরে জেলার সদর, রাজনগর এবং শ্রীমঙ্গল উপজেলার ১ হাজার ৪০৩ হেক্টর জমি নতুন করে প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বলেন, পানি কমে গিয়েছিল। একাধারে বৃষ্টি হচ্ছে। উজান থেকে বিভিন্ন ছড়া দিয়ে হাওরে পানি ঢুকছে। এতে হাওরে পানি বেড়ে গেছে। অপরদিকে কুশিয়ারার পানি হাওর থেকে অন্তত ছয় ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।