
বেশ শীত পড়ছে। খোলা মাঠের ভেতর চুপচাপ বসে রোদ পোহাচ্ছে সাতটি নাগরবাটোই পাখি। দুটি ধুলোস্নান করছে খেলাচ্ছলে। অনেক ওপর দিয়ে একটি শিকারি পাখি উড়ে আসছে অনেকটাই তেরছাভাবে। ইচ্ছা করেই ওটা পাখা-লেজ নাড়ছে ঘন ঘন, ডানে-বাঁয়ে সরছে, পিঠের ওপরে দুই ডানার প্রান্ত হাততালি দেওয়ার মতো মিলে যাচ্ছে বারবার। যেন-বা ‘পাখাতালি’ দিচ্ছে। মাঠের ছোট ও মাঝারি পাখিরা ভয়ার্ত কণ্ঠে বিপৎসংকেত দিচ্ছে। এই সাতটি পাখিও চাপাস্বরে সংকেত দিয়ে স্থির হয়ে রইল বুক-পেট মাটিতে মিশিয়ে। কিন্তু আনাড়ি একটি বাচ্চা একটু পর যেই-না দাঁড়িয়েছে, অমনি ইগলচক্ষু পাখিটির নজরে পড়ে গেল ওটা। সঙ্গে সঙ্গে দুই পাখা মুড়ে একেবারে জেট বিমানের মতো ধেয়ে আসছে সে, নাগরবাটোইগুলো ছিটকে উঠে শুরু করল দৌড়। দেখতে না দেখতে শিকারি পাখিটি নেমে এল মাটি থেকে মাত্র ফুট তিনেক ওপরে, একটিকে টার্গেট করে ধাওয়া করল। ওদের নামও নাগরবাটোই! ছুটতে পারে দ্রুত, উড়তেও পারে ভালো। শিকারি ওই অত নিচু দিয়ে ধাওয়া করে চলেছে, টার্গেট পাখিটি দ্রুত পায়ে এদিক-সেদিক করে ছুটছে। লাফও দিল বার কয়েক। একসময় পাখিটিকে নখরে গেঁথে শিকারি খুশিতে ডেকে উঠল, তারপর ওপরের দিকে উঠে বসল একটি মরা তালগাছের মাথায়।
শিকারির নাম কাজলা বাজ। এদের চোখ-কান জুড়ে যেন কাজল মাখানো থাকে। কাটুয়া চিল, কালো চিল, বাঘাবাজ, চেঁচানেবাজ নামেও পরিচিত এরা। ইংরেজি নাম Booted Eagle. বৈজ্ঞানিক নাম hieraactus pennatus. দৈর্ঘ্য ৪৫-৫৪ সেমি।
একনজরে কালচে-বাদামি ও তার ওপরে ছাই-ধূসর টান ও ফুটকিওয়ালা এই শিকারি পাখিটি আমাদের শীতের পরিযায়ী পাখি। দূর থেকে কালচে লাগে দেখতে। বুক-পেট ঘন-বাদামি, তাতে লালচে আভা, বুকে কালচে কালচে টান। লেজের গোড়া সাদা। মেয়ে পাখি কিঞ্চিৎ বড় হয়।
প্রয়োজনে উড়তে পারে দুর্দান্ত গতিতে। ডিগবাজিও খেতে পারে প্রয়োজনে, ‘কিক্ কিক্ কিক্’ শব্দে হাঁকডাক করে নিরীহ পাখিদের পিলে চমকে দেয়। শিকারের অপেক্ষায় চুপচাপ বসে থাকে উঁচু জায়গায়। খাদ্যতালিকায় আছে ছোট ও মাঝারি পাখি, নির্বিষ সাপ, ব্যাঙ, খরগোশের ছানা ইত্যাদি।