কাটা পাহাড়ই ভেঙে পড়ে রফিকের ঘরে
দুর্গম পাহাড়ি পথ। বাতিল ইট, বালু, কংক্রিটের গুঁড়ো দিয়ে তৈরি রাস্তা। এবড়োখেবড়ো এই সড়কটি চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে। উঁচু-নিচু গর্ত, কাদামাটি মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজি অটোরিকশা। এই অটোরিকশাই সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরে যাওয়ার একমাত্র বাহন।
অটোরিকশা থেকে নেমে প্রায় দেড় কিলোমিটার কাদামাটির পাহাড়ি পথ হেঁটে গেলে পাহাড়ধসের স্থান। যেখানে বৃহস্পতিবার রাত তিনটার দিকে পাহাড়ধসে মারা গেছে তিন শিশুসহ পাঁচজন। লটকন শাহ মাজার এলাকার তিন নম্বর সমাজের একটি পাহাড়ের মাঝামাঝিতে পেটের অংশে ঘর করে থাকতেন মো. রফিক। তাঁর ঘরে উঠতে আরেক পাহাড় থেকে অন্তত ৪০ ফুট উঁচুতে উঠতে হয়।
পাহাড়ধসে মারা গেছে রফিকের স্ত্রী ফাতেমা বেগম (৩০), ছেলে ইউনুস (১০), বোন রাবেয়া আক্তার (২৫), রাবেয়ার দুই মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২)। রফিক, ভাই গিয়াস উদ্দিন ও দুই মেয়ে জান্নাত ও সালমা পাহাড়ধসের পর স্থানীয় লোকজনের সহায়তায় বের হয়ে যেতে সক্ষম হন। রফিকের বাড়ি নোয়াখালীতে। আড়াই বছর আগে পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসত গড়ে তোলেন তিনি।
সীতাকুণ্ড উপজেলার অংশ হলেও জঙ্গল ছলিমপুরে যেতে হয় নগরের বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার হয়ে। বাংলাবাজার থেকে এবড়োখেবড়ো প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জঙ্গলছলিমপুর স্কুলমাঠে নামতে হয়। এরপর হেঁটে বিভিন্ন বসতিতে যেতে হয়। অটোরিকশায় যেতে যেতে চোখে পড়ে পাহাড়ের বিভিন্ন খাঁজে কেটে কেটে গড়ে উঠেছে বসতি।
হেঁটে যতই ভেতরে ঢোকা যায়, ততই এক দুর্গম জনপথের সঙ্গে পরিচয় হয়। কেউ পাহাড়ের পাদদেশে, কেউবা পাহাড়ের পেটে কেউবা পাহাড়ের চূড়ায় কেটে কেটে গড়েছে বসতি। বাসিন্দাদের বেশির ভাগই চট্টগ্রামের বাইরের। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব লোক ছিন্নমূলের নামে সরকারি এই খাসজমি দখল করেছেন।
চট্টগ্রাম মহানগরী ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আমাদের এসব সরকারি পাহাড়। এখানে আমরা থাকি। রফিকের যে ঘরের ওপর পাহাড় পড়েছে, সেটি ঝুঁকিপূর্ণ ছিল। আমরা তাঁকে সরে যেতে বলেছিলাম। যাননি।’
সরকারি পাহাড় দখলের বিষয়ে মশিউর বলেন, ‘আমরা ছিন্নমূল মানুষ। এখানে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল সব আমাদের পয়সায় গড়া। সরকারের সঙ্গে এসব নিয়ে আমাদের দেনদরবার চলছে। এসি ল্যান্ড আমাদের পক্ষে একটি প্রতিবেদন দিয়েছেন।’
রফিকের মতে, এখানকার ১৫ হাজার পরিবারের মধ্যে আরও অন্তত ১২০টি পরিবার ঝুঁকিতে রয়েছে বলে মশিউরের দাবি।
রফিক যে ঘরটি নির্মাণ করেছিলেন, সেটি তিন কক্ষের। বালুর বস্তা দিয়ে ঘরে ওঠার জন্য প্রায় ৪০ ফুট সিঁড়ি করেছিলেন। ওই ঘরে বিদ্যুৎ-সংযোগ না থাকলেও আশপাশের বিভিন্ন ঘরে বিদ্যুৎ-সংযোগ রয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া রফিকের মেয়ে জান্নাতকে (১২) উদ্ধার করে এক প্রতিবেশীর বাড়িতে রাখা হয়। ঘটনার বর্ণনা দিয়ে জান্নাত বলে, ‘হঠাৎ করে পাহাড় এসে আমাদের ওপর পড়ে। আমি চিৎকার করেছি। পাশের একজন এসে আমাকে উদ্ধার করে।
পাহাড়ধসের পরপর রফিক বের হয়ে যান। তিনি আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এর মধ্যে ছোট মেয়ে সালমা বের হয়ে পাশের একটি ঘরে গিয়ে কাঁদতে থাকে। তখন প্রতিবেশী আরিফুল ইসলাম গিয়ে জান্নাতকে টিনের নিচ থেকে বের করে আনে।
রফিকের ভাই গিয়াস উদ্দিনও পাহাড়ধসের পর নিজে নিজে বের হয়ে যান। বেঁচে যাওয়া চারজনই সুস্থ রয়েছেন। পরে সকাল আটটার দিকে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের লাশ বের করে আনে।
ঘটনাস্থলে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, এখানে কীভাবে বসতি গড়ে উঠেছে, সবই আপনারা জানেন। এভাবে সরকারি জায়গায় বসত করা উচিত নয়। এটা উচ্ছেদ করতে বিভিন্ন পক্ষকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন...