কাঠকসাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠকসাই l ছবি: মো. মারুফ রানা
কাঠকসাই l ছবি: মো. মারুফ রানা

সাতটি পাখি মার্চ করতে করতে এগিয়ে চলেছে সামনের দিকে। সার্চ বা তল্লাশি যখন করছে, তখন থামছে একটু। ওরা পাড়ি দিচ্ছে একটা বাঁশবন, সন্ধান করছে খাবার। পোকামাকড়-কীটপতঙ্গ-বিট্ল-মথ-লার্ভা পেলেই গিলে নিচ্ছে তড়িঘড়ি। আবার ফরোয়ার্ড করছে। ডাকাডাকি চলছে। এটাই স্বভাব ওদের।
বাঁশবনটার দক্ষিণের খোলা ভিটায় ছোট আকারের তালগাছ অনেকগুলো। কদিন আগে বজ্রপাতে বড় তিনটি তালগাছ পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। তার নিচের দুটি তালগাছের অবস্থাও প্রায় একই রকম। ডগা-পাতা সার্চ করল, মরা তালগাছগুলোর গায়ে ঝুলে বসে ঘুরে ঘুরে ঠোঁট চালিয়ে খাবার খুঁজল, তারপরে ঢুকে পড়ল সুপারি বাগানে। বেশ কিছু দূর গিয়ে অর্ধচন্দ্রাকারে ঘুরেফিরে এল আবার সেখানটাতে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল ওরা। একটি ভিটা জমি। ওখানেই যে ওদের বাসা। অবশ্য কাছাকাছি নয়, ছড়িয়ে ছিটিয়ে দূরে দূরে। প্রতিটি বাসায় বসা একটি করে পাখি, ডিমে তা দিচ্ছে। রয়না-আম-কালিকড়ুই-মেঘশিরীষের মোটা মোটা ডালের ওপরে যেন বসিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট বাটির মতো বাসা, ডালের রঙের সঙ্গে মিলেমিশে একাকার বাসাগুলো। ডালের ওপরে এরা নিজেদের মল, মুখের লালা ও মাটির মিশ্রণে পেস্ট তৈরি করে লাগিয়ে দেয়, তার পরে বাসা বাঁধার কাজ শুরু করে। মেয়ে-পুরুষ মিলে ১০-১২ দিন ধরে বাসাটি বানায়। ডিম হয় তিনটি। ক্বচিৎ চারটি। ডিমের রং চকচকে সবুজাভ ধূসর, তাতে যেন মাখনের প্রলেপ। ডিমের চওড়া অংশে লালচে-বাদামি ছিট থাকে। দুজনেই পালা করে তা দেয় ডিমে।
এই দৃশ্যটি এ বছরের জুন মাসে দেখি আমারই গ্রামে (বাগেরহাট)। আমার গত ৫০ বছরে ২৩টি বাসা নিবিড় পর্যবেক্ষণের অভিজ্ঞতায় আমি জেনেছি যে এদের ডিম ফোটে ২১-২৩ দিনে। আবহাওয়া তথা ঝড়-খরা-বৃষ্টির কারণে দু-এক দিন হেরফের হয়।
চঞ্চল-সুন্দর এই পাখিদের নাম কাঠকসাই। বাগেরহাটে নাম মইনে কাজল। সুধুকা ও দুক্কা নামেও পরিচিত এরা। ইংরেজি নাম Common Wood Shrikee। বৈজ্ঞানিক নাম Tephrodornis pondicerianus। দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার। ওজন ২২ গ্রাম। গলা-বুক-পেট-লেজের উপরিভাগের গোড়া ও লেজের প্রান্তদেশ সাদা, মাথা-পিঠ-ডানা-লেজের উপরিভাগ ধূসর-বাদামি। চোখের ওপর দিয়ে যেন চওড়া কাজলের টান একটা। চোখের ভ্রুর ওপর দিয়ে বয়ে গেছে চওড়া-সাদা একটি টান। চোখ কালো। পা-পায়ের পাতা ও ঠোঁট মাংসল বাদামি। মুখমণ্ডল গোলাপি-ধূসর।
এরা ডানা দিয়ে উড়ন্ত-পলাতক পোকা-পতঙ্গকে আঘাত করে পেড়ে ফেলতে পারে, আবার বুক দিয়েও ঠেকিয়ে দিতে পারে পলাতক শিকারকে। শূন্য থেকে পলাতক শিকারকে সার্কাসম্যানের মতো পাকড়াও করতে ওস্তাদ এরা। বৃষ্টিস্নান এদের পছন্দ খুব। গলাটা খুব মিষ্টি। গলায় সুর ওঠা-নামা করে। এদের বাসায় থাকা ছানাদের নাগালে শত্রু এলে এরা হিস্ হিস্ শব্দে লালা ছিটায়। সারা দেশেই দেখা যায় এই পাখিটিকে।