কাণ্ড যখন পণ্ডিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে িশয়াল পণ্ডিত l ছবি: সজল দে
খুদে িশয়াল পণ্ডিত l ছবি: সজল দে

ভোরবেলায় এক গৃহবধূ থালা বাসন হাতে চলেছেন পুকুরঘাটে। বাঁ দিকের সুপারিবাগানটার দিকে তাকাতেই তিনি চমকে উঠলেন—অদ্ভুত এক প্রাণী মাটির হাঁড়িতে ঘাড়-মাথা ঢুকিয়ে দিয়ে ধীরে ধীরে হাঁটছে। চিৎকার দিয়ে ছুটলেন তিনি, পড়ে গেল হাতের থালা বাসন। ছুটে এল বাড়ির লোকজন। ঘটনা শুনে বৃদ্ধ শ্বশুর হাসলেন শব্দ করে, সবাই এলেন ঘটনাস্থলে। প্রাণীটা কলুর বলদের মতো ঘুরপাক খাচ্ছে। চোখে তো দেখছে না কিছু! শ্বশুরই বললেন, ‘ব্যাটা পণ্ডিতের বাচ্চা!’
শিয়াল পণ্ডিত। আমাদের সমাজে শিয়ালের চালাকি নিয়ে নানা গল্প চালু আছে। এই চালাকির জন্যই বোধ করি রসিক বাঙালি মশকরা করে তার নাম দিয়েছে ‘পণ্ডিত। ‘অতি চালাকের গলায় দড়ি’র মতো এই পণ্ডিতের নানা বোকামির গল্পও আছে।
ঠিলার (কলস-জাতীয় মাটির পাত্র) গুড় ফুরিয়ে গেলে ওটাকে রাখা হয়েছিল রান্নাঘরের পেছনে। রাতে এসে ওই খুদে পণ্ডিত কলসের তলায় লেগে থাকা গুড় খাওয়ার লোভে ভেতরে জোর করে ঘাড়-মাথা দিয়েছে সেঁধিয়ে, ব্যস! ফাঁদে পড়ে গেছে ওটা। আর তো মাথা-ঘাড় বের করতে পারে না! গৃহিণীর শ্বশুর সাহেব জীবনে বহুবার এমন ঘটনা দেখেছেন। খেজুর রসের বা গুড়ের ঠিলার তলার গুড় খেতে দিয়ে এ রকম ঠিলা-ফাঁদে পড়ে পণ্ডিতেরা। সে এক দারুণ দৃশ্য! আর, শিয়ালদের স্বভাবই হলো এ রকম ক্ষেত্রে মুক্তি পাওয়ার চেষ্টা করে সামনের পা দিয়ে। ফলে ঠিলার তলায় পা যায় পিছলে, কানায় থাবা বসিয়ে মাথা থেকে খুলে ফেলতে চায় বিপদ। অথচ একটু এদিক-ওদিক করে গাছের গায়ে জোরে আঘাত করলেই তো ভেঙে যায় ঠিলা, তখন তো দেখা যায় সবকিছু, পালানো যায় জীবন নিয়ে। তা না করে কলুর বলদের মতো ঘুরে বেড়ায়। ঘটনাস্থলে হাজির দুই-তিনটা কুকুর শুধু ঘেউ ঘেউ করে যেতে লাগল।
বৃদ্ধ ভদ্রলোক শিয়ালের বাচ্চাটাকে মারতে চাইলেন না। এটার বয়স চার মাসের মতো হবে। লাঠি এনে দিলেন ঠিলার তলার দিকে বাড়ি। ভেঙে গেল সেটা। ঠিলার কানার মালা গলায় পরেই পড়িমরি দৌড় দিল পণ্ডিত। সুপারিগাছে ধাক্কা খেতে খেতে পগার পার। কুকুর ব্যাটারা এতক্ষণে বীরত্ব দেখাতে তেড়ে যাচ্ছে তার পেছন পেছন।
ঘটনাটি গত বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহের। আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। সেই বৃদ্ধ ভদ্রলোক—আমার বাল্যবন্ধু—গল্পটা বললেন। ঘটনাটি শুনেই মনে আসে অসংখ্য শিয়াল-কাহিনি। যাঁদের বয়স চল্লিশ বা পঞ্চাশের কোঠা পেরিয়েছে, তাঁরা গ্রামবাংলায় এমন দৃশ্য কমবেশি দেখেছেন।
শিয়ালের ইংরেজি নাম Golden Jackal। বৈজ্ঞানিক নাম Canis aureus। মাপ মোট ৯১ সেমি। এর মধ্যে লেজটাই ২৩ সেমি। উচ্চতা ৩৮ থেকে ৪৩ সেমি। ওজন ৮ থেকে ১১ কেজি। বাঁচে ১২ বছর। ঘণ্টায় এরা ৪০ কিমি বেগে দৌড়াতে পারে। এরা অভিনব কৌশলে কুকুরদের বোকা বানিয়ে কুকুরছানা চুরি করে। একসময় বাংলাদেশের প্রতিটা গ্রামে, এমনকি বাড়ির আশপাশের বন-বাগানে এরা ছিল। ছিল খোদ রাজধানী শহরে। এখন অবস্থা বদলে গেছে। ওরা এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি। মূল কারণ বাসস্থান-সংকট, অকারণে মেরে ফেলা। তবু গ্রামবাংলায় আজও দেখা মেলে ওদের। আছে সুন্দরবন লাগোয়া গ্রামগুলোতে, প্রাকৃতিক বনে। মাটিতে নিজেরা গর্ত খুঁড়ে এরা প্রতিবারে তিন থেকে সাতটি শাবক প্রসব করে। গর্ভধারণকাল ৬০ থেকে ৬৩ দিন।
আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এই পণ্ডিতেরা যেন হারিয়ে না যায় এ দেশ থেকে। আমরা শিয়ালডাকা সন্ধ্যা চাই। মধ্যরাতে ওদের প্রহর ঘোষণাও শুনতে চাই। ওরা কিন্তু দারুণ খেয়ালসংগীত গায়!