কাল সকালে ঝলমলে রোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ কোন দিন রোদের দেখা মিলেছিল?—হয়তো অনেকেরই আঙুল দিয়ে গুনে গুনে এর উত্তরটা বের করতে হবে। কেউ কেউ আবার শীতের এই দিনে নীল আকাশে সূর্য কবে উঁকি দেবে, সেটিও জানতে চাইছেন। কারণ, নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি বেশ বিরক্তি ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার থেকে আকাশটাকে ঢেকে দিয়েছে কালো মেঘ। চার দিন পর আজ সোমবারও মেঘাচ্ছন্ন থাকায় বিরক্তির মাত্রা বেড়ে গেছে।

ঠিক এ সময় সুখবর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘কাল (মঙ্গলবার) সকাল থেকে রোদ পাবেন। রোদটা হবে ঝলমলে।’

আজকের দিনে আকাশ মেঘলা কেন?

এই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি সব শেষ হয়েছে। মেঘ আছে। মেঘ চলে গেলে রোদ পাওয়া যাবে।

মিষ্টি রোদের দেখা মিললেও শীতটা জেঁকে বসতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। এখন থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে। এর মাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। শীত শীত একটা ভাব থাকবে।

এদিকে লঘুচাপটি দুর্বল হলেও আজ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সকালে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের বেলা তাপমাত্রা কমতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এর মাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দর ও নৌবন্দরগুলোর সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।