
তালপাতার বাঁশি মুখে ধরে ছেলেটি নেমে পড়ল চিংড়িঘেরটির কোমরপানিতে। সামনে অনুমান ৪০ ফুট দূরে কচুরিপানার একটি স্তূপ। স্তূপটির ওপাশেই অনুমান ৩০ ফুট দূরে ভেসে বেড়াচ্ছে কালো রঙের পাখিটি, ওটার ঠোঁট কপালজোড়া চমৎকার বর্মটি হাতির দাঁতের মতো সাদা, ঠোঁটটিও সাদা। স্তূপটার ওপাশে সে ঘণ্টা খানেক আগে উড়ো ফাঁদ পেতেছিল। দেখতে অনেকটাই ভলিবল খেলার নেটের মতো ওই ফাঁদটা, জালের প্রতিটি খোপে একটি করে সুতার ফাঁস-ফাঁদ ঝোলানো।
ছেলেটি বাজাতে শুরু করল তালপাতার বাঁশি। ঠিক যেন ডাকছে ভাসমান কালো পাখিটি—শব্দ বাজছে ‘পি-ই-পি, পিপ পিপ’। নকল ডাক শুনে পাখিটির প্রতিক্রিয়া হলো দেখার মতো। মাথা দোলাল, শরীরের পালক ফুলাল এবং খাড়া হয়ে দুই পাখা মেলে দাপাল, তিন পাক ঘুরল, তারপর রিমোট কন্ট্রোল চালানো খেলনা পাখির মতো সরলরেখায় তেড়ে এল দ্রুতবেগে। নকল ডাককে ওটা মনে করছে প্রতিদ্বন্দ্বী। পাখিটা এল, জালের খোপে মাথা ঢুকিয়ে কচুরিপানার ভেতরে ঢুকতে চাইল এবং গলায় পরে নিল নাইলন সুতার ফাঁস। মুক্তি পাওয়ার জন্য শুরু করল ছটফট।
ছেলেটি পাখি হাতে ডাঙায় এল। আমরা শুধু ওটার ওজন নিয়ে ছেড়ে দিলাম। ওজন হলো ৩০০ গ্রামের একটু বেশি। আজ থেকে ৫০ বছর আগে আমি এই ‘বাঁশির ফাঁদে’ পড়তে দেখেছি বহু পাখি। নিজেও যে এ অপকর্ম করিনি, তা নয়। ডাহুক-কালিম-কোড়া-জলমুরগিরাই বাঁশির ফাঁদে পড়ত। তখন পাখি ছিল হাজার হাজার। এখন তো শত শতও নয়।
ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের। বাগেরহাটের রামপাল উপজেলার একটি বিশাল চিংড়িঘেরের। পাখিটির নাম কালকুঁচ। বোষ্টম-বোষ্টমির ও হিন্দু পুরোহিতদের মতো কপালে-ঠোঁটজোড়া (নাকজোড়া) তিলক মাখানো থাকায় ফকিরহাটে এটির আরেক নাম তিলক পাখি। শরীরের রং কালো। চোখের রং কুঁচ ফলের (কুক্কুট) অর্ধাংশের মতো লাল, নাম তাই কালকুঁচ। রামের কোড়া, কালো কুক্কুট নামেও পরিচিত এটা। আমাদের দেশে পরিযায়ী পাখি এটা। ইংরেজি নাম Eurasian Coot, বৈজ্ঞানিক নাম Fulica atra। মাপ ৪০ সেন্টিমিটার। ৩০০ থেকে ৫২০ গ্রাম। এরা দলবদ্ধভাবে থাকে। এক দলে কয়েক হাজার পাখিও থাকতে পারে। বিপদ বুঝলে ডুব দিয়ে শুধু নাক-ঠোঁট জলের ওপর ভাসিয়ে দিয়ে পড়ে থাকতে পারে। জলের তলা দিয়ে কচ্ছপের মতোই চলে—মনে হয় দ্রুতগামী কচ্ছপ। ওড়ার আগে এরা জলের ওপর দিয়ে যেন দৌড়ায়, পেছন দিকে জল ছলকে ছলকে ওঠে—সূর্যের আলো কৌণিকভাবে সেই জলে পড়লে অনিন্দ্যসুন্দর রংধনুর সৃষ্টি হয়। জলের ওপর শুধু পা ফেলে ফেলে দৌড়ানোর দৃশ্যটা নান্দনিক সৌন্দর্যে ভরপুর। মূল খাদ্য এদের কুচো চিংড়িসহ ছোট ছোট মাছ, শালুকের বিচি, ঢ্যাপের বিচি, ঘাসের বীজ, কচি পাতা, জলজ শেওলা ইত্যাদি। ৫০ বছর আগে আমি বাগেরহাটের বিল কেন্দুয়ায় এক ঝাঁকে ১০ হাজারের বেশি পাখি দেখেছি। এখন দেখি পাঁচ থেকে দশটা। মোটেই ভালো নেই ওরা আমাদের দেশে। কারণ নানাবিধ।