কালবৈশাখীতে ৩০ গ্রাম লন্ডভন্ড, আহত ১০
পাবনার সদর, আটঘরিয়া ও ফরিদপুর উপজেলায় গতকাল সোমবার সকালে কালবৈশাখীতে প্রায় ৩০টি গ্রামের দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘর ও গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন।
ক্ষতিগ্রস্ত লোকজনের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টা থেকে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। সাতটার দিকে বাতাসের গতিবেগ বেড়ে কালবৈশাখীতে রূপ নেয়। কয়েক মিনিটের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় পাবনা সদর, আটঘরিয়া ও ফরিদপুর উপজেলার প্রায় ৩০টি গ্রাম। দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়াসহ উঠতি বোরো ধান, আম, লিচুরও ব্যাপক ক্ষতি হয়। বৈদ্যুতিক খুঁটি পড়ে ও তার ছিঁড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
আটঘরিয়ার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, বড় বড় গাছের ডালে আটকে আছে বসতবাড়ির টিনের চাল। বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত লোকজন।