কালবৈশাখীর ছোবলে ১২ জনের মৃত্যু
কালবৈশাখীতে সাত জেলায় তিনটি শিশুসহ ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ঝড়ের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি এসব স্থানের বাড়িঘর, কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধা পাকা বোরো ধান, আম, লিচু, কলাগাছ ও ভুট্টাখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানের বিদ্যুৎ-ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো হবিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝড়ের সময় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন হলেন নন্দীপাড়া বাদাউরি গ্রামের ফজল মিয়ার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূরজাহান (২৪) ও তাঁর সন্তান পারোয়ার মিয়া (৪)। এ ছাড়া নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
এ দুটি উপজেলায় গতকাল মধ্যরাতের ঝড়ে দেড় সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। কৃষি কর্মকর্তা সূত্র জানায়, বিভিন্ন হাওরে পাঁচ হাজার হেক্টর জমির বোরো পাকা-আধা পাকা ধান দমকা বাতাসে ঝরে গেছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে ঝড়ের সময় ঘরের দেয়ালচাপা পড়ে আল সাঈদী নামে আড়াই বছরের একটি শিশু মারা গেছে। তার বাবার নাম মতিউর রহমান। রাতে ২০ মিনিটের ঝড়ে বাড়িঘর, আমগাছ, লিচুগাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। শত শত হেক্টর জমির শিষ বের হওয়া বোরো খেত নষ্ট হয়ে গেছে। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় এবং তারের ওপর গাছ পড়ে ছিঁড়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ছয়টি উপজেলা।
বগুড়ায় গতকাল তিন মিনিটের কালবৈশাখীতে দুজনের প্রাণহানি ঘটেছে। সদর উপজেলার আশোকোলা এলাকায় ইটভাটার দেয়ালচাপায় বেলাল হোসেন (৬৫) নামে একজন ভাটাশ্রমিক এবং সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদীতে নৌকাডুবিতে বাদল কাজী (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রংপুরের বদরগঞ্জে চার-পাঁচ মিনিটের ঝড়ে সাতটি ইউনিয়নে উঠতি ধানসহ অন্যান্য ফসল, গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলা, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, গফরগাঁও, ত্রিশাল ও ভালুকা উপজেলায় কয়েক শ একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কালবৈশাখীতে গাছের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার যোগানিয়া ভূমি কার্যালয় ও চিনামারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভবনের চাল বাতাসে উড়ে গেছে।
শেরপুরে ঝড়ের সময় ঘরচাপায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শিশুটির নাম কাজলী বেগম (৭)। সে শ্রীবরদী উপজেলার রানী শিমুল ইউনিয়নের হাঁসধরা গ্রামের আবুল কাশেমের মেয়ে। মৃত অপর ব্যক্তি হলেন নালিতাবাড়ীর যোগানিয়া গ্রামের হায়দার আলী (৫০)। ঝড়ে ১০ জন আহত হন।
মৌলভীবাজারের কমলগঞ্জে পাকা ও আধা পাকা উঠতি প্রায় তিন শ হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জে কালবৈশাখীতে বাবুল মিয়া (৮) নামের এক স্কুলছাত্র মারা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত বাবুল শতাল এলাকায় ভট্টাচার্যপাড়ার হারুন মিয়ার ছেলে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গলনা নরায়ণপুর গ্রামের নবাব আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
জামালপুরের বকশীগঞ্জে গাছচাপায় নিঝুম আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। নিঝুম আক্তার উপজেলা শহরের পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)